মধুগন্ধি স্বর্ণচাঁপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের ভরদুপুরে তপ্ত রোদে ঘেমে নেয়ে আপনি যদি একটু স্বস্তির আশায় কোনো পার্ক বা উদ্যানে ঢুকে পড়েন, তাহলে এক ধরনের মধুময় সুবাস মেশানো বিক্ষিপ্ত বাতাস আপনাকে চমকে দেবে। গন্ধের উৎস সন্ধানে ইতিউতি তাকালেই চোখে পড়বে অসংখ্য স্বর্ণচাঁপা তার সুবাসিত রূপ মেলে তাকিয়ে আছে আপনার দিকে। বড় বড় পাতার কোলে সলাজ ফুলগুলো যেন অনেকটা লুকিয়েই থাকে। তখন ওদের খুঁজে নিতে হয়। একসময় মনে হবে, এ ফুল কোথায় যেন দেখেছি! দেখেছেন শাহবাগে, খুদে ফেরিওয়ালাদের কাছে। ওরা গাছ থেকে পেড়ে অনেকগুলো ফুল নিয়ে আঁটি বাঁধে। তবে এমন চিত্র রাজধানীর রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান লাগোয়া দু-একটি এলাকা ব্যতীত অন্যত্র দুর্লভ। প্রাচীনকাল থেকেই জনপ্রিয়তার শীর্ষে চাঁপার অবস্থান। মৈমনসিংহ গীতিকায় আছে, ‘চাইর কোনা পুষ্কুনির পারে চাম্পা নাগেশ্বর/ ডাল ভাঙ্গ পুষ্প তুল কে তুমি নাগর।’ চাঁপা ফুলকে আঞ্চলিক ভাষায় চাম্পা ফুল বলা হয়। প্রাচীন লোককথায়ও চাম্পা নামটিই এসেছে বারবার। ঢাকার শাহবাগে গণগ্রন্থাগারের প্রবেশপথের বাঁ পাশে কয়েকটি সুউচ্চ গাছ চোখে পড়ে। জাতীয় জাদুঘরের ভাস্কর নভেরা হল লাগোয়া পুকুরপাড়ে আছে বেশ কয়েকটি। এ ছাড়া নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, হলিক্রস স্কুল, সড়ক ভবন, জাতীয় উদ্ভিদ উদ্যান, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, শিশু একাডেমি এবং সিলেট ও চট্টগ্রামের পথপাশে দেখা যায়। চাঁপা ফুল নামটি আমাদের কাছে বেশ পরিচিত। তবে সব চাঁপাই চাঁপা নয়। যেমন কনকচাঁপা। নাম চাঁপা হলেও আদতে সে চাঁপা পরিবারের সদস্য নয়। একটির সঙ্গে অন্যটির দুস্তর ফারাক। স্বর্ণচাঁপা সুষমা ও সুগন্ধের জন্য কাব্য, কলা, উপহার, অর্চনা সর্বত্রই ব্যবহূত। এর স্নিগ্ধ বর্ণ ও সৌরভ পবিত্রতার প্রতীক। বৃদ্ধি দ্রুত, জীবন দীর্ঘ, চাষ সহজ এবং প্রস্ফুটন অফুরান। হিন্দু ও বৌদ্ধদের কাছে গাছ অত্যন্ত পবিত্র। শ্রীলঙ্কায় বুদ্ধমূর্তি তৈরিতে এর কাঠ বহুল ব্যবহূত। স্বর্ণচাঁপা মূলত পাহাড়ি প্রজাতি। সমতলেও বৃদ্ধি স্বাভাবিক। বৈজ্ঞানিক নাম Michelia champaca। কাণ্ড সরল, উন্নত, মসৃণ ও ধূসর। পাতা চ্যাপ্টা, উজ্জ্বল-সবুজ, একান্তরে ঘনবদ্ধ। ফুল একক, কাক্ষিক এবং ম্লান-হলুদ, রক্তিম কিংবা প্রায় সাদা। পাপড়ির সংখা প্রায় ১৫। আমাদের দেশে সাদা রঙের ফুল চোখে পড়ে না। মাটি, আবহাওয়া, পারিপার্শ্বিক অবস্থা এমনকি তাজা ও বাসি ফুলের ক্ষেত্রেও রঙের তারতম্য হতে পারে। পরিপূর্ণ প্রস্ফুটিত চাঁপা তীব্র সুগন্ধি। গ্রীষ্মের প্রথম ভাগ থেকে বর্ষা-শরৎ অবধি ফুল থাকে। ফুল শেষ হলে গুচ্ছবদ্ধ ফল ধরে। দেখতে অনেকটা আঙুরের মতো। কাক ও শালিকের প্রিয় খাদ্য। চাঁপা ভেষজগুণেও অনন্য। বাত, চক্ষুরোগ ও পায়ের ক্ষত নিরাময় করে। কাঠ দারুমূল্যযুক্ত।