মধুচন্দ্রিমায় স্ত্রীকে হত্যার অভিযোগ থেকে মুক্তি পেলেন স্বামী (ভিডিও)
বিয়ের পর সবাই মধুচন্দ্রিমাতে যায় প্রিয়জনকে একান্তভাবে কাছে পাওয়ার জন্য এবং একে অপরের মাঝে গভীরভাবে ভালোবাসা বিনিময় করে নিতে। কিন্তু যুক্তরাষ্ট্রের টিনার জন্য মধুচন্দ্রিমা মধুর তো হলোই না বরং তাঁকে জীবনের সবচেয়ে তিক্ত, মৃত্যুর স্বাদ নিতে হলো।রয়টার্সের খবরে বলা হয়, বিয়ের পর টিনা ২০০৩ সালের অক্টোবর মাসে তাঁর স্বামী গেব ওয়াটসনের সঙ্গে অস্ট্রেলিয়ায় মধুচন্দ্রিমাতে যান। সেখানে তাঁরা স্কুবা ডাইভিং (অক্সিজেন সিলিন্ডার মুখে নিয়ে পানির নিচে সাঁতার কাটা) করেন। সেখানে তিনি মারা যান। এর পরপরই অভিযোগ ওঠে, স্বামী ওয়াটসন তাঁর মুখ থেকে অক্সিজেন সিলিন্ডার খুলে দেন। আর এতেই অক্সিজেনের অভাবে পানিতে ডুবে মারা যান টিনা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলাও হয়।আদালতে কৌঁসুলিরা অভিযোগ আনেন, ওয়াটসন একটি নামী ইনস্যুরেন্স কোম্পানির কাছ থেকে অনেক অর্থ পাওয়ার আশ্বাস পেয়েছিলেন। আর এতে ওয়াটসন প্রণোদিত হয়ে ডাইভের সময় টিনার মুখ থেকে অক্সিজেন সিলিন্ডার খুলে দেয়। আর এভাবে ওয়াটসন টিনাকে হত্যা করেন।ওয়াটসনের জন্য আজকের দিনটি ছিল খুবই আবেগঘন। কারণ, তিনি তাঁর স্ত্রীকে হত্যার অভিযোগ থেকে বেকসুর খালাস পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বিচারপতি টমি নেইল এক রুল জারি করে বলেন, ওয়াটসন যে টিনাকে উদ্দেশ্যমূলকভাবে হত্যা করেছিল, এর পেছনে কোনো ধরনের সাক্ষ্যপ্রমাণ নেই। রয়টার্স।