মধুপুরে ‘স্থায়ী সরকার’ ও ‘নতুন সরকারের’ লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুরের আলোচিত চরিত্র শহীদুল ইসলাম সরকার ওরফে সরকার শহীদ। গত দুটি পৌরসভা নির্বাচনে তিনি ছিলেন তৎকালীন সরকারি দলের সমর্থিত প্রার্থী। দুবারই বিজয়ী হন তিনি। নানা কারণে ২০ বছর ধরে মধুপুরের মানুষের কাছে তিনি পরিচিত ছিলেন ‘স্থায়ী সরকার’ হিসেবে। এবার পৌর নির্বাচনে মেয়র পদে তিনি বিএনপি-সমর্থিত প্রার্থী। এই প্রথম তিনি বিরোধী দলের সমর্থিত প্রার্থী হলেন।শহীদুল ইসলামের দল বদল হলেও মধুপুর পৌরবাসী গত দুই বছরে পেয়েছে ‘নতুন সরকার’। দাপটের কারণে ‘নতুন সরকার’ হিসেবে পরিচিতি পেয়েছেন সরওয়ার আলম খান ওরফে আবু খাঁ। তিনি খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযোগ রয়েছে, এই সরকারের আমলে মধুপুরে থানা পুলিশ, প্রশাসন—সবই চলে আবু খাঁর কথায়। অবশ্য তিনি দাবি করেন, ‘কেউ গ্রেপ্তার হলে আমি থানায় গিয়ে ছাড়িয়ে আনি। এতে মানুষের উপকার হচ্ছে। এ নিয়ে ভুল ব্যাখ্যা করা ঠিক হবে না।’আবু খাঁ এবার আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী। এলাকাবাসীর মতে, এবারের নির্বাচনে লড়াই হবে ‘স্থায়ী সরকার’ ও ‘নতুন সরকারের’ মধ্যে।এই দুই প্রার্থীর মধ্যে সরকার শহীদ উপজেলা বিএনপির এবং আবু খাঁ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মধুপুর পৌরসভার ভোটের মাঠে আলোচনা নতুন-পুরোনো এই দুই ‘সরকারকে’ নিয়েই। মধুপুর ঘুরে দেখা যায়, নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আবু খাঁ।প্রথম আলোকে আবু খাঁ বলেন, ‘এলাকার উন্নয়নে সব ধরনের প্রতিশ্রুতিই দিচ্ছি। প্রতিশ্রুতি আমি দেব না তো কে দেবে? ক্ষমতা আমার, মন্ত্রী আমার। ১০ বছরে সরকার শহীদ যা করতে পারেননি, তিন বছরে তার চেয়ে বেশি কাজ করব।’এদিকে বিভিন্ন কারণে দীর্ঘদিন ধরে সমালোচিত সরকার শহীদ এবার মানুষের সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন। তিনি অভিযোগ করে বলেন, সরকারদলীয় লোকজন ক্ষমতার প্রভাব বিস্তার করে তাঁর নির্বাচনী কাজে বাধা সৃষ্টি করছেন। প্রচার চালাতে গিয়ে তিনি একাধিকবার হামলার শিকার হয়েছেন। তাঁর কর্মীরা ভয় ও আতঙ্কে মাঠে নামতে পারছেন না।স্থানীয় সূত্রগুলো জানায়, সরকার শহীদ ১৯৯০ সালে মধুপুর কলেজ ছাত্রসংসদের ক্রীড়া সম্পাদক নির্বাচিত হওয়ার পর গড়ে তোলেন একটি বাহিনী। ’৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে মধুপুর-ধনবাড়ী আসনে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসান চৌধুরীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে। ১৯৯৬ সালে আবুল হাসান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর এলাকায় সরকার শহীদের একচ্ছত্র দাপট শুরু হয়। ১৯৯৯ সালে তিনি আওয়ামী লীগের সমর্থনে মধুুপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০০ সালের ১৭ জুন ধনবাড়ী পৌরসভার চেয়ারম্যান বদিউল আলমের ছেলে জহিরুল আলমকে অপহরণের ঘটনায় সরকার শহীদ ব্যাপক আলোচনায় আসেন। ওই সময় স্থানীয় আওয়ামী লীগ তাঁর বিরুদ্ধে কেন্দ্রে একাধিকবার অভিযোগ করেছিল। তবে কাজ হয়নি।জানা যায়, স্থানীয় আওয়ামী লীগ আবুল হাসানের বিরুদ্ধে অবস্থান নিলে ২০০১ সালের সংসদ নির্বাচনে এ আসনে দলীয় মনোনয়ন পান আবদুর রাজ্জাক। আবদুর রাজ্জাক নির্বাচিত হওয়ার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শহীদকে দল থেকে বহিষ্কার করেন। এরপর শহীদ বিএনপিতে যোগ দেন। ২০০৪ সালে তিনি বিএনপির সমর্থিত প্রার্থী হিসেবে আবারও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। এ সময় ক্ষমতায় ছিল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট।জানা যায়, ২০০৫ সালে মদ্যপ অবস্থায় ময়মনসিংহ যৌনপল্লিতে পুলিশের ওপর হামলার অভিযোগে শহীদকে অস্ত্রসহ আটক করা হয়। কিন্তু ক্ষমতার দাপটের কারণে পরদিনই পুলিশ তাঁকে ছেড়ে দেয় এবং ওই পুলিশ কর্মকর্তা চয়ন কান্তি সাময়িক বরখাস্ত হন। এ খবর প্রথম আলোয় প্রকাশিত হলে ওই সময় শহীদের বাহিনী কয়েক দিন ধরে মধুপুর-ধনবাড়ী এলাকায় প্রথম আলো বিলি করতে দেয়নি।এ ব্যাপারে জানতে চাইলে সরকার শহীদ বলেন, ‘তখন ষড়যন্ত্রমূলকভাবে আমাকে যৌনপল্লি থেকে আটক করা হয়েছিল। পরে বিষয়টি প্রশাসনের উচ্চপর্যায়ে জানাজানি হলে আমাকে ছেড়ে দেওয়া হয়। তাই এ বিষয়ে কোনো মামলা হয়নি।’জানা যায়, সরকার শহীদের বিরুদ্ধে বর্তমানে চারটি মামলা রয়েছে। হলফনামায় তিনি ছয়টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেছেন।এদিকে আবু খাঁর বিরুদ্ধে দুটি মামলা বিচারাধীন। জানা যায়, তিনি পৌর এলাকার বাসিন্দা নন। তাঁর বাড়ি গোলাবাড়ী ইউনিয়নের পঁচিশা গ্রামে। একবার গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করে পরাজিত হন। তিনি এবার পৌর এলাকার ভোটার হয়েছেন।আবু খাঁর বিরুদ্ধেও এলাকায় নানা অভিযোগ রয়েছে। তবে প্রকাশ্যে কেউ মুখ খুলতে চায় না।আবু খাঁ সব অভিযোগ অস্বীকার করেন। তাঁকে ‘নতুন সরকার’ ডাকা হয় কেন, এ প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, ‘খাদ্যমন্ত্রী এলাকায় এলে আমি তাঁকে সময় দিই। তাঁর কাজকর্ম দেখাশোনা করি। এ জন্য একটি মহল আমার বিরুদ্ধে এসব রটাচ্ছে।’এলাকাবাসী জানান, মধুপুর পৌরসভার ভোটার ৩২ হাজার ৯৭৫ জন। এখানে মেয়র পদে পাঁচজন প্রার্থী হলেও লড়াই হবে সরকার শহীদ ও আবু খাঁর মধ্যেই। তাই ভোট নিয়ে তাঁরা কোনো মন্তব্য করতে চান না।নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, প্রধান দুই প্রার্থীই প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে রাজি নন।