মধুবন ফুডকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করার অপরাধে মধুবন ফুড প্রোডাক্টসকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিজনুর রহমান এই অভিযানে নেতৃত্ব দেন।জানা গেছে, আজ দুপুরে ভ্রাম্যমাণ আদালত নগরের বায়েজিদ থানার বিবিরহাট এলাকায় মধুবন ফুড প্রোডাক্টসের কারখানা পরিদর্শনে যান। এ সময় কারখানার ভেতরে ময়লা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল। এ ছাড়া কারখানায় দুর্গন্ধযুক্ত তেল পাওয়া গেছে বলেও জানা গেছে। এ কারণে ভ্রাম্যমাণ আদালত মধুবন ফুড প্রোডাক্টসের মালিক মো. সোলেমানকে ৮০ হাজার টাকা জরিমানা করেন।ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিজনুর রহমান বলেন, মধুবনের কারখানায় শ্রমিকেরা স্যাঁতসেঁতে পিচ্ছিল মেঝেতে সেমাই তৈরি করছিলেন। তা ছাড়া শ্রমিকদের হাতে কোনো গ্লাভসও ছিল না। কারখানার পুরো পরিবেশ ছিল অপরিচ্ছন্ন ও নোংরা। এই অপরাধে মধুবনের মালিক মো. সোলেমানকে জরিমানা করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত বনফুল ও আগোরাতেও অভিযান চালান। তবে এই দুই প্রতিষ্ঠানের পরিবেশ সন্তোষজনক বলে মন্তব্য করেন ভ্রাম্যমাণ আদালত।