মধুমতি মডেল টাউন প্রকল্প অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারে মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মেট্রো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের করা এ সংক্রান্ত আপিল খারিজ করে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) পক্ষগুলোর পৃথক পাঁচটি আবেদনের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।জানা যায়, বন্যা প্রবাহিত এলাকায় পরিবেশ অধিদপ্তর এবং রাজউকের অনুমোদন ছাড়া মেট্রো মেকার্স ডেভেলপার্স লিমিটেডের মধুমতি মডেল টাউন হাউজিং প্রকল্প গ্রহণ করে—এমন অভিযোগ এনে প্রকল্পের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৪ সালে হাইকোর্টে রিট আবেদন করে বেলা। রিটে ভূমি, গৃহায়ণ ও গণপূর্ত এবং পরিবেশ মন্ত্রণালয়, রাজউক ও মেট্রো মেকার্সকে বিবাদী করা হয়। প্রাথমিক শুনানির পর আদালত প্রকল্পের কাজে স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেন।রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০০৫ সালের ২৭ জুলাই হাইকোর্ট মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে রায় দেন। পাশাপাশি প্লট গ্রহীতাদের স্বার্থ সংরক্ষণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ ছাড়া ওই প্রকল্পে মাটি ভরাট বন্ধ করার বিষয়ে রাজউকের মেট্রো মেকার্সকে দেওয়া নোটিশ চ্যালেঞ্জ করে অপর রিট আবেদনটি করে মেট্রো মেকার্স। এই আবেদনও খারিজ হয়।আদালত সূত্র জানায়, এসব রায়ের অংশবিশেষের বিরুদ্ধে পক্ষগুলো পৃথক চারটি আপিল ও রাজউক একটি আবেদন করে। এর মধ্যে বেলার রিটে ওই প্রকল্প অবৈধ ঘোষণার বিরুদ্ধে মেট্রো মেকার্স একটি ও মাটি ভরাটের বিষয়ে রিট খারিজের বিরুদ্ধে অপর আপিলটি করে। আর প্লট গ্রহীতাদের স্বার্থ সংরক্ষণের নির্দেশনার বিরুদ্ধে বেলা আপিল করে। রাজউকও এ বিষয়ে একটি আবেদন করে। আর প্রকল্প অবৈধ ঘোষণার অংশবিশেষের বিরুদ্ধে প্লট গ্রহীতারাও তাঁদের স্বার্থরক্ষার জন্য একটি আপিল করেন। এসব আপিল ও আবেদনের ওপর গত ১৫ ফেব্রুয়ারি শুনানি শেষ হয় এবং আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন। গতকাল সকালে আদালত রায় ঘোষণা করেন।আদালতে বেলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মাহমুদুল ইসলাম। সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান ও ইকবাল কবির। আর মেট্রো মেকার্সের পক্ষে ছিলেন আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও এ বি এম ছিদ্দিকুর রহমান খান। প্লট ক্রেতাদের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক ও রোকনউদ্দিন মাহমুদ। রাজউকের পক্ষে শুনানি করেন এ এফ এম মেজবাহ উদ্দিন।পরে আইনজীবী ইকবাল কবির প্রথম আলোকে বলেন, আদালত বেলার আপিল মঞ্জুর করেছেন। রাজউকের আবেদন নিষ্পত্তি করেছেন। প্লট গ্রহীতাদের আপিল ও মেট্রো মেকার্সের দুটি আপিল খারিজ করে রায় দিয়েছেন। ফলে ওই প্রকল্প অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রইল। এর ফলে ওই প্রকল্প এলাকা বন্যাপ্রবাহ এলাকা হিসেবে সংরক্ষিত থাকবে। তিনি বলেন, এতে ঢাকার জলাবদ্ধতা হ্রাস পাবে। সর্বোপরি অননুমোদিত হাউজিং প্রকল্পগুলো কার্যক্রম পরিচালনায় নিরুৎসাহী হবে। ক্রেতারাও নিজেদের স্বার্থরক্ষায় বিনিয়োগের আগে আইনগত বিষয় খতিয়ে দেখবেন।প্লট গ্রহীতাদের কৌঁসুলি রফিক-উল হক প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে, প্লট গ্রহীতাদের স্বার্থ সংরক্ষিত হয়েছে। তবে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’