মধুমতী নদীর সেই বাঁশের বাঁধ দুটি ভেঙে ফেলা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়ায় মধুমতী নদীর মূল প্রবাহে আড়াআড়িভাবে দেওয়া বাঁশের সেই ‘ব্লক বাঁধ’ দুটি ভেঙে ফেলা হচ্ছে। গতকাল শনিবার লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিতিতে ধানাইড় ঘাটের বাঁধ ভাঙার কাজ শুরু হয়। প্রশাসনের তত্পরতায় বেলটিয়া ঘাটের বাঁধটিও গতকাল সকাল থেকে জেলেরাই সরিয়ে ফেলার কাজ শুরু করেছেন। গত বুধবার প্রথম আলোর শেষ পৃষ্ঠায় ‘মধুমতীতেও বাঁশের বাঁধ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়।গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, ২০ জন শ্রমিক দুটি নৌকা ব্যবহার করে ধানাইড় ঘাটের বাঁধটি অপসারণের কাজ করছেন। ওই বাঁধে কর্মরত কোনো জেলেকে তখন পাওয়া যায়নি। এ সময় উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা রাজিব জামান ও লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) শংকর কুমার মণ্ডলের নেতৃত্বে একদল পুলিশ ইউএনওর সঙ্গে ছিল। উপজেলা সহকারী মত্স্য কর্মকর্তা বলেন, ‘গত বুধবার বাঁধ দুটি নিয়ে প্রথম আলোয় খবরটি দেখার পর তা ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। নিজেদের শ্রমিক দিয়ে বাঁধ ভাঙার কাজ করা হচ্ছে।’ ইউএনও অরুণ কুমার মণ্ডল বলেন, ধানাইড় ঘাটের বাঁধটি ভাঙার কাজ আজকের (শনিবার) মধ্যেই শেষ হবে। এ বাঁধের অর্ধেক জাল তুলে পুড়িয়ে ফেলা হয়েছে। বাকি জালও তোলার পর পোড়ানো হবে। বাঁশগুলো জব্দ করা হয়েছে। এখানকার জেলেরা পালিয়ে গেছেন। তিনি জানান, বেলটিয়া ঘাটের বাঁধটি জেলেরা নিজেরাই ভেঙে নিচ্ছেন। কাল (রোববার) বিকেল চারটার মধ্যে অপসারণে ব্যর্থ হলে ওই জেলেদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।বেলটিয়া ঘাটে গতকাল শনিবার দুপুরে গিয়ে দেখা গেছে, জেলেরা নিজেরাই তাঁদের জাল ও বাঁশ তুলে নিচ্ছেন। এ বাঁধের জেলে নেতা সিদ্দিশ্বর বিশ্বাস (৫০) জানান, দুপুর পর্যন্ত ৫৪টি বাঁশ তোলা হয়েছে। ৮৭০টি বাঁশ দিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ করে এ বাঁধ দেওয়া হয়েছিল। বাঁধটি দিতে প্রায় এক মাস কাজ করতে হয়েছে। তিনি স্বীকার করেন, নদীর মূল প্রবাহে বাঁধ দেওয়া অপরাধ।