মধুমতীতেও বাঁশের বাঁধ
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নে মধুমতী নদীতে আড়াআড়িভাবে বাঁশের ‘ব্লক বাঁধ’ দিয়ে অবাধে মাছ শিকার করা হচ্ছে। প্রশাসন উপজেলার অন্য এলাকায় এমন কয়েকটি বাঁধ তুলে দিলেও জয়পুরের বেলটিয়া ও ধানাইড় ঘাটের বাঁধ তুলে দেওয়ার ব্যবস্থা নেয়নি। এ বাঁধের পেছনে প্রভাবশালীরা জড়িত বলে অভিযোগ রয়েছে।মধুমতীতে বাঁধ দিয়ে মাছ শিকারের ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া উপজেলা মত্স্য কর্মকর্তা হোসনে আরা হ্যাপী প্রথম আলোকে বলেন, ‘মা ইলিশ মাছ মিঠাপানিতে এসে ডিম ছাড়ে। এই ডিম থেকে ইলিশ বড় হয়ে সাগরে যায়। মধুমতী নদীর ওই ব্লক বাঁধে মা ইলিশ, জাটকা ও অন্যান্য মাছের পোনামাছ ধরা পড়ছে। এ বাঁধের কারণে দেশি প্রজাতির মাছ ধ্বংস হচ্ছে, উজাড় হচ্ছে মত্স্য সম্পদ।’ তিনি জানান, সরকারি নীতিমালা অনুযায়ী নদীতে এভাবে বাঁধ দেওয়া যায় না। তবে বাঁধ উচ্ছেদ করা ব্যয়বহুল। এ ব্যাপারে সরকারি বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে।সরেজমিন দেখা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের বেলটিয়া ঘাট বরাবর মধুমতী নদীর মূল প্রবাহে বাঁশ দিয়ে আড়াআড়িভাবে পুরোটাজুড়ে ব্লক বাঁধ দেওয়া হয়েছে। নদীর পশ্চিম পাড়ে রয়েছে বেলটিয়া ও পূর্ব পাড়ে পারআমডাঙ্গা গ্রাম। বাঁশের সঙ্গে আটকানো ছোট ফাঁসওয়ালা জাল পানির ওপর থেকে শুরু করে নদীর তলদেশ পর্যন্ত নামানো রয়েছে। নৌযান চলাচলের জন্য বাঁধের যে ৩৫ ফুট পরিমাণ জায়গা খোলা রাখা হয়েছে, সেখানেও অস্থায়ী ‘সুতি জাল’ দিয়ে ফাঁদ পাতা হয়েছে। সেখানে কর্মরত মত্স্যজীবীরা জানান, প্রায় ৩৫০টি বাঁশ দিয়ে তৈরি এ বাঁধের পেছনে কমপক্ষে এক লাখ টাকা খরচ হয়েছে। চারটি নৌকা ব্যবহার করে তাঁরা জালে আটকানো মাছ সংগ্রহ করছেন। ছোট ছোট জাটকা বেশি ধরা পড়ছে। এ ছাড়া ছোট ও বড় সাইজের পাঙ্গাশ, আইড়, বোয়াল ও বেলেসহ সবই ধরা পড়ছে এ জালে। এ মাছ ধরতে লোহাগড়া উপজেলার চরদৌলতপুর গ্রামের কুমারেশ (৫০) ও জিতেন (৪৬) এবং গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের শিব দেব (৪৫), কিরণ (৩২), চয়ন বিশ্বাসসহ (২২) ১০ জন কাজ করছেন। কিরণ ও চয়ন জানান, দেড় মাস আগে তাঁরা এ বাঁধ দিয়েছেন। বর্ষার পানির তোড় আসা পর্যন্ত তাঁরা এখানে থাকবেন। কয়েক বছর ধরে তাঁরা এভাবে বাঁধ দিয়ে মাছ শিকার করছেন। বর্তমানে কম মাছ ধরা পড়ছে। কিছুদিন পর থেকে প্রচুর মাছ ধরা পড়বে বলে তাঁরা আশা করছেন। এর পেছনে কারা জড়িত?—এ প্রশ্নের উত্তর পাওয়া যায়নি জেলেদের কাছ থেকে।একইভাবে জয়পুর ইউনিয়নের ধনাইড় ঘাট বরাবর ব্লক বাঁধ দেওয়া হয়েছে। নদীর দক্ষিণ পারে ধানাইড় ও উত্তর পারে চরআড়িয়ারা গ্রাম। মাছ ধরার কাজে রয়েছেন মাগুরার মোহাম্মদপুর উপজেলার সদর ইউনিয়নের ধোপড়িয়া গ্রামের রুস্তম প্রামাণিক (৪৮), চিত্ত মালো (৬০), প্রদীপ মালো (২৬) ও মিরাজসহ (২৩) ১৫ জেলে। লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুণ কুমার মণ্ডল বলেন, গত ডিসেম্বরে মধুমতী নদীর তিনটি ‘ব্লক বাঁধ’ উচ্ছেদ করা হয়েছে। এ দুটি বাঁধও উচ্ছেদ করা হবে।’ প্রভাবশালীরা পেছনে না থাকলে এই ব্লক বাঁধ দেওয়া সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।