মধুমতীর পেটে ৩৮ বছরের পুরোনো বিদ্যালয়
গত বছরের বন্যায় মধুমতী নদীর পানির চাপে ভেঙে যায় বিদ্যালয়ের দুটি কক্ষ। এ বছরের ১০ আগস্ট পুরো বিদ্যালয়টি নদীগর্ভে চলে গেছে। বিদ্যালয়ের ৪০ শতাংশ জমির মধ্যে ৩০ শতাংশ জমি বিলীন হয়ে গেছে। বাকি জমিটুকুও প্রায় যায় যায় অবস্থা। বর্তমানে পাশের ফাঁকা জায়গায় টিনের ছাপরাঘর তুলে বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। চারপাশে বেড়া দিতে না পারায় সামান্য বৃষ্টিতেই ছেলেমেয়েরা ভিজে যায়। আকাশে মেঘ দেখা দিলে আতঙ্কে আগেই বিদ্যালয় ছুটি দিয়ে দিতে হয়। পরের বাড়িতে বিদ্যালয়ের যাবতীয় মালামাল রাখতে হয়েছে। সাংসদ ব্রিগেডিয়ার (অব.) এস কে আবু বাকেরও বিদ্যালয়ের এ অবস্থা পরিদর্শন করেছেন। শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কষ্টের সঙ্গে কথাগুলো বলেন, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের ডিগ্রিরচর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহামুদুর রহমান। সরেজমিন দেখা গেছে, মধুমতী নদীর ভাঙনে বিদ্যালয়ের অস্তিত্বই এখন হুমকির মুখে পড়েছে। যেখানে টিনের ছাপরাঘর উঠিয়ে ছেলেমেয়েদের লেখাপড়ার কার্যক্রম চালানো হচ্ছে, সেখান থেকে নদীর দূরত্ব মাত্র ১৫ গজের মতো। বিদ্যালয়ে বসার কোনো ব্যবস্থা নেই। ছাপরা ঘরের নিচে বসতে হলে শিক্ষার্থীদের বাড়ি থেকে চট, কিংবা মাদুর সঙ্গে আনতে হয়। সেগুলো বিছিয়ে বসতে হয়। বাথরুম নেই, খাওয়ার পানির ব্যবস্থাও নেই। পঞ্চম শ্রেণীর ছাত্রী জহুরা খাতুন জানায়, বৃষ্টি হলে জামাকাপড়, বই-খাতা ভিজে যায়। একই শ্রেণীর সীমা জানায়, বসার কোনো বেঞ্চ না থাকায় বাড়ি থেকে চট কিংবা মাদুর সঙ্গে করে আনতে হয়। বোতলে করে খাওয়ার পানি আনতে হয়। বৃষ্টির দিনে দূরের কোনো ছাত্রছাত্রী স্কুলে আসতে পারে না। বিদ্যালয়ের আশপাশে বাড়িঘর না থাকায় বাথরুম করতে যেতে হয় পাশের বাগানে। আশিকুজ্জামান বলে, ‘বিদ্যালয়ের খেলার মাঠটি নদীতে চলে যাওয়ায় এখন আর খেলা করতে পারি না।’ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. হাফিজুর রহমান বলেন, ‘১৯৭২ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়। রেজিস্ট্রেশন পায় ১৯৯০ সালে। বিদ্যালয়ে বর্তমানে ২৩৮ জন শিক্ষার্থী রয়েছে। ১৯৯৪-৯৫ অর্থবছরে এলজিইডির প্রকল্প থেকে একটি ভবন নির্মাণ করে দেওয়া হয়। ৩৮ বছরের পুরোনো বিদ্যালয়টি মধুমতী নদী গিলে খেল। আমরা দাঁড়িয়ে শুধু দেখলাম। রক্ষা করতে পারলাম না।’ লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি জেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।’জেলা শিক্ষা কর্মকর্তা অশোক সমাদ্দার প্রথম আলোকে বলেন, ‘ওই বিদ্যালয়ের ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এখনো কোনো জবাব পাইনি।’