মাকে প্রচণ্ড মনে পড়ছে। এক সেকেন্ডের জন্য হলেও মাকে দেখতে ইচ্ছে করছে। যেকোনো কিছুর বিনিময়ে হলেও মাকে দেখতে চাই। মায়ের সুন্দর চেহারা, মায়ের ডাক, আন্তরিকতা—সবকিছু আমাকে অস্থির করে প্রতি মুহূর্তে। ভোরবেলায় মায়ের হালকা মিষ্টি জিকির আমার কানে বাজে। মাঝেমধ্যে ‘মা ওঠো না’ ডাক আমাকে শোয়া থেকে উঠিয়ে দেয়। কিন্তু আমি মাকে দেখতে পাই না। আমার সমস্ত দিনের সব কাজেই মায়ের ছায়া দেখতে পাই। গত ২৯ জানুয়ারি মা আমাকে ছেড়ে চিরতরে চলে গেলেন। মাকে নিয়ে হাজারও স্মৃতির মাঝে একটা স্মৃতি মনে পড়লে মনটা হাহাকার করে ওঠে। মা মারা যাওয়ার মাত্র অল্প কয়েকটা দিন আগের কথা। তখন হাসপাতালে রাত দুটো বাজে। আমি সোফায় বসেছিলাম। হঠাৎ মা আমাকে ডাকলেন। আমি কাছে যেতেই আমার মুখে বেশ কয়েকটা চুমু দিলেন। আমার জীবনে মায়ের প্রথম এবং শেষ চুমু। আমি ভীষণ অবাক ও আনন্দিত হয়েছি ঠিকই, কিন্তু মায়ের কষ্টের কারণে সুখটা ঠিক উপভোগ করতে পারিনি, যেন অসম্পূর্ণ রয়ে গেছে। তবু সারাক্ষণ মনে হয়, মধুর আমার মায়ের উপহার। আমার ছোটবেলায় মায়ের এখনকার মতো কথায় কথায় চুমু দেওয়ার প্রচলন ছিল না। ফলে মা আমাকে ছোটবেলায় চুমু দিয়েছে আমার মনে পড়ে না। আমিও কখনো দিইনি। কিন্তু আজ যখন মা আর আমার গভীর স্মৃতিগুলো মনে পড়ে, তখন খুব মাকে জড়িয়ে চুমু দিতে ইচ্ছে করে। মনে হয়, আবার নতুন করে সব শুরু হোক। যদি আরেকটু সময় পেতাম...। বাংলা নববর্ষের দিন একটা খুদে বার্তা পেয়েছিলাম। উল্লেখযোগ্য কথা ছিল, ‘কী মজা, আমরা বুড়ো হয়ে যাচ্ছি। ফুপি, কী মজা।’ বার্তাটা আমার ভালো লেগেছে। মনে হয়েছে, তাড়াতাড়ি মায়ের কাছে যাওয়া যাবে। মা দিবসে মাকে প্রচণ্ড মনে পড়বে। নিজেকে সামলাতে খুব কষ্ট হবে। কল্পনায় মায়ের কবরে চুমু দেব। সারা দিন দোয়া করব। নাজনীন জাহানঢাকা।