মধুর ক্যান্টিনে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আজ সোমবার দুপুর ১২টার দিকে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আটজন ছাত্রদল নেতা-কর্মী আহত হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবদুল মতিন, যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম ও ছাত্রদল কর্মী মাইনুল। গুরুতর আহত মাইনুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।জানা গেছে, গত ১৮ জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের পদ পাওয়া ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলি-মারামারির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, শাহবাগ থানার ওসিসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় ছাত্রদল নিজেদের নেতা-কর্মী ও ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। ওই ঘটনার জের ধরে গতকাল ছাত্রদলের নেতারা মধুর ক্যান্টিনে গেলে মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁদেরকে ক্যাম্পাসে আসতে নিষেধ করে ছাত্রলীগের কর্মীরা। আজ ছাত্রদলের নেতারা ওই হুমকিকে পাত্তা না দিয়ে মধুর ক্যান্টিনে গেলে সংঘর্ষ শুরু হয়।