মধ্য আমেরিকায় ‘আগাথা’র আঘাতে এ পর্যন্ত ৯৬ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্য আমেরিকায় গ্রীষ্মমণ্ডলীয় মৌসুমি ঝড় ‘আগাথা’-সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত অন্তত ৯৬ জন নিহত হয়েছে। প্রশান্ত মহাসাগরে জন্ম নেওয়া ঝড়টি গত শনিবার মেক্সিকোর সীমান্তের কাছে গুয়াতেমালার উপকূলে আঘাত হানে ও মধ্য আমেরিকার ওপর দিয়ে বয়ে যায়। গুয়াতেমালার প্রেসিডেন্ট আলভারো কোলোম গতকাল রোববার রাতে এক সংবাদ সম্মেলনে জানান, দেশটিতে কমপক্ষে ৮৩ ব্যক্তির প্রাণহানি ঘটেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এল সালভাদরে মারা গেছে নয়জন এবং হন্ডুরাসে একজন নারীসহ আরও চারজন। এদিকে শনিবার থেকেই মধ্য আমেরিকার দেশগুলোতে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে, যার ফলে আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। গুয়াতেমালার বিভিন্ন অঞ্চলে তিন ফুটেরও বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। উপরন্তু, গুয়াতেমালাকে ঝড়ের পাশাপাশি এক আগ্নেয়গিরি থেকে লাভা ও ছাইয়ের উদিগরণের ফলে সৃষ্ট নানা সমস্যা ও সংকট মোকাবিলা করতে হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ৮০ হাজারেরও বেশি লোক, যাদের অধিকাংশই গুয়াতেমালার, নিরাপদ আশ্রয়ের সন্ধানে তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।গুয়াতেমালার সরকার দাতা দেশ ও সংস্থাগুলোর কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছে। এদিকে ঝড়ে হতাহত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এমন আরও অনেক লোকের সন্ধান পাওয়া যাবে বলে সতর্ক করে দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।গুয়াতেমালার রাজধানী থেকে ৯০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত স্যান অ্যান্টোনিও পালোপো শহরের একটি এলাকা বিশাল এক ভূমিধসে পুরোপুরি চাপা পড়ে যাওয়ার ঘটনায় এক ডজন বা তারও বেশি লোকজন নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লুইস নামের ওই এলাকার এক অধিবাসী স্থানীয় এক রেডিও স্টেশনকে বলেন, ‘আমরা ১৪টি লাশ খুঁজে পেয়েছি এবং আমাদের ধারণা আরও আট থেকে ১০টি মৃতদেহ এখনো মাটির নিচে চাপা পড়ে আছে।’ পুরো মধ্য আমেরিকাব্যাপী উদ্ধারকর্মীরা ঝড়ে বিচ্ছিন্ন হয়ে পড়া শহর ও গ্রামগুলোর সঙ্গে যোগাযোগব্যবস্থা পুনঃস্থাপন করার জন্য কাজ করে যাচ্ছেন। তাঁরা আশঙ্কা করছেন, এসব শহর ও গ্রামে আরও হতাহতের সন্ধান মিলতে পারে।