মধ্য ইউরোপে বন্যায় সাতজন নিহত
ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় মধ্য ইউরোপে গত কয়েক দিনে কমপক্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। রয়টার্স আরও জানিয়েছে, বন্যায় নিমজ্জিত গ্রামগুলো থেকে বাসিন্দাদের বিমানের সাহায্যে স্থানান্তর করা হচ্ছে।স্থানীয় একটি নদীর পানি বৃদ্ধির কারণে পোল্যান্ডের ছোট শহর বাগাতিনিয়া নিমজ্জিত হয়েছে। এ শহরে প্রবেশ করার মূল সেতু ভেঙে পড়ায় বাগাতিনিয়ার সঙ্গে পোল্যান্ডের অন্যান্য শহরের যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।বাগাতিনিয়ার মেয়র আন্দ্রেজ গ্রেজিমাইলওয়েজ বলেন, ‘এ দুর্যোগের সময় আমাদের অনেক কিছুরই প্রয়োজন। লোকজনকে উদ্ধার ও তাদের কাছে ত্রাণসামগ্রী পৌঁছানর জন্য দরকার হেলিকপ্টার। লোকজন বাড়ি-ঘরের ছাদে অবস্থান করছে। পরিস্থিতি খুব একটা ভালো নয়।’বন্যায় শহরের বেশির ভাগ দালান-কোঠা ভেঙে পড়েছে। স্থানীয় গণমাধ্যম জানায়, এতে একজন নিহত হয়েছে। সিটিকে নামক একটি সংবাদ সংস্থা জানায়, পোল্যান্ডের উত্তরে চেক প্রজাতন্ত্রে বন্যার কারণে তিনজন নিহত হয়েছে।চেক সরকার দুর্গত অঞ্চল থেকে লোকজনদের সরিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত উদ্ধারকর্মী নিয়োগ করেছে। দেশটিতে সেনাবাহিনী উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে।এদিকে চেক সীমান্তের কাছে নয়খিরশেন নামের একটি জার্মান শহরে উদ্ধারকর্মীরা তিনজনের মৃতদেহ উদ্ধার করেছে। পুলিশের একজন মুখপাত্র জানান, একটি ভবনের নিচে পানি নিষ্কাশন করার সময় এ লাশগুলো উদ্ধার করা হয়।