মধ্য জাপানে ৫.৪ মাত্রার ভূমিকম্পে আহত সাত
মধ্য জাপানে আজ বৃহস্পতিবার সকালে রিখটার স্কেলে পাঁচ দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে সাতজন আহত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল আটটা ১৬ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এটির উত্পত্তিস্থল ছিল রাজধানী টোকিও থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে নাগানো অঞ্চলে। ভূকম্পনের পর সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।স্থানীয় একজন অগ্নিনির্বাপক কর্মকর্তা জানান, ভূমিকম্পে আহত সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়। বিশ্বে রিখটার স্কেলে ছয় তীব্রতা বা তার চেয়ে বেশি তীব্রতার ভূমিকম্পের ২০ শতাংশই জাপানে হয়ে থাকে। গত ১১ মার্চ দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রিখটার স্কেলে নয় তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় ২৩ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়।