মধ্য মার্চ পর্যন্ত কর্মসূচি চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধী দলকে রাজপথে কোনো ছাড় দিতে রাজি নয় আওয়ামী লীগ। বিরোধী দলের ওপর কড়া প্রশাসনিক নজরদারির পাশাপাশি যেকোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দলটি। এ কঠোর রাজনৈতিক সিদ্ধান্ত থেকেই আজ সোমবার বিকেলে রাজধানীতে জনসভা করার দ্বিতীয় দফা পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ।পুলিশের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে বিএনপির গণমিছিল কর্মসূচি এক দিন পিছিয়ে দেওয়ায় আওয়ামী লীগও তাদের কর্মসূচি পিছিয়েছে। দলটি আজ বিকেল সাড়ে তিনটায় বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভা করবে। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া গতকাল রোববার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ পরিবর্তিত কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, তাঁদের কর্মসূচি হবে শান্তিপূর্ণ। একই দিনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণায় পরিস্থিতি সংঘাতের দিকে যাচ্ছে কি না—এ প্রশ্নের জবাবে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, ‘প্রেসক্লাবের সামনে আমরা গায়ে গা লাগিয়ে কর্মসূচি পালন করি। মাইক লাগিয়ে যে যা খুশি তা-ই বলে। সেখানে তো কেউ উসকানি দেয় না। এ নিয়ে কেউ তো টুঁ শব্দও করে না।’ তিনি বলেন, বিএনপির কর্মসূচিতে কেউ কাউকে বাধা দেবে না। বিএনপির গণমিছিলের পাল্টা কর্মসূচি দেওয়ার অভিযোগ অস্বীকার করে মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, গত নভেম্বর মাসে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক থেকেই জনসভাসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। যুদ্ধাপরাধীর বিচার এবং যুদ্ধাপরাধীদের বিচারে বাধা সৃষ্টিকারীদের বিচারের দাবিতে কাল মঙ্গলবার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে কর্মিসভা, পর্যায়ক্রমে ঢাকার সব নির্বাচনী এলাকায় জনসভা ও মিছিল করা হবে। মধ্য মার্চ পর্যন্ত এসব কর্মসূচি চলবে।সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মুকুল চৌধুরী, সাংসদ আসলামুল হক, হাজি মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।১৪ দলও মাঠে নামছে: গতকাল প্রায় একই সময় আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠকে আগামী ৭ ফেব্রুয়ারি রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া ১৪ দলের উদ্যোগে বিভাগীয় শহরগুলোয় জনসভায় করারও সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ১৪ দলের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, স্বাধীন সংগঠন হিসেবে ঢাকা মহানগর আওয়ামী লীগ পরিবেশ-পরিস্থিতি বিবেচনা করেই আজকের জনসভার কর্মসূচি নিয়েছে। তিনি অভিযোগ করেন, ‘বিরোধী দল দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির করার চেষ্টা করছে। তবে পরিস্থিতি মোকাবিলায় আমরা সতর্ক আছি।’কেন পাল্টা কর্মসূচি: আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা মনে করেন, সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দল অগণতান্ত্রিক পন্থা ব্যবহার করছে। সম্প্রতি ব্যর্থ সেনা অভ্যুত্থানের সঙ্গে বিরোধী দলের ইন্ধন আছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের জ্যেষ্ঠ নেতারা অভিযোগ করেছেন। দলের নেতাদের মতে, সেনাবাহিনী এ অভ্যুত্থানের চেষ্টা নস্যাৎ করে দেওয়ার পর বিরোধী দল আন্দোলনের কর্মসূচির নামে অরাজকতা করার চেষ্টা করছে। বিশেষ করে, গণমিছিল ও ১২ মার্চের ঢাকা মহাসমাবেশকে ঘিরে বিরোধী দল নাশকতার চেষ্টা করছে বলে গোয়েন্দা সংস্থাগুলো সরকারের উচ্চপর্যায়ে অবহিত করেছে। এ অবস্থায় আওয়ামী লীগের নীতিনির্ধারকেরা রাজনৈতিক কর্মসূচি নিয়ে রাজপথে থাকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে প্রশাসনিকভাবেও বিরোধী দলের কর্মসূচি নিয়ন্ত্রণের সিদ্ধান্ত আছে। তবে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি হলে সরকার বাধা দেবে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। সূত্র জানায়, আওয়ামী লীগের নেতারা এ পরিস্থিতিতে ১৪ দল এবং মহাজোটকেও সক্রিয় করার সিদ্ধান্ত নিয়েছেন। এখন থেকে ১৪ দলের নিয়মিত বৈঠক ও কর্মসূচি নিয়ে রাজপথে থাকবে। পাশাপাশি জাতীয় পার্টিকেও এ প্রক্রিয়ায় যুক্ত করা হতে পারে। জানতে চাইলে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রথম আলোকে বলেন, যেকোনো পরিস্থিতি ও ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে থাকবে।