মধ্যনগর বাজারের সরকারি পুকুরটি আবর্জনার ভাগাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন বাজারের সরকারি পুকুরটি দীর্ঘদিন খনন ও সংস্কার না করায় ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এ ছাড়া কচুরিপানা ও আগাছায় ঢেকে যাওয়ায় সাপ ও বিষধর প্রাণীদের আবাসস্থলে পরিণত হয়েছে।স্থানীয় এলাকাবাসী জানান, প্রায় ৬০-৭০ বছর আগে স্থানীয় লোকজনের খাবার পানি ও অন্যান্য চাহিদা মেটাতে পুকুরটি খনন করা হয়। কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও এর সংস্কারের জন্য কেউ উদ্যোগ নেয়নি। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় কিছু অংশ ভরাট হয়ে গেছে। ফলে পুকুরের সৌন্দর্য আর আগের মতো নেই। ইতিমধ্যে পুকুরের কিছু অংশ দখল করে অবৈধভাবে বসতি স্থাপন করা হয়েছে। বছরখানেক আগে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান হাটবাজার উন্নয়নের নামে পুকুরের এক-চতুর্থাংশ ভরাট করে বাজারের উন্নয়নকাজ সম্পন্ন না করেই কাজ গুটিয়ে নেয়। নিয়মে না থাকলেও এলাকার অধিকাংশ লোকজন পুকুরটি ভরাটের পক্ষে মত দিয়েছেন।মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আবির হাসান, মাহফুজা শাহনাজ, তাহমিনা আক্তারসহ অনেকে জানায়, একটু জোরে বাতাস বইলেই দুর্গন্ধে বমি এসে যায়। এ অবস্থায় ক্লাসে ঠিকমতো মন বসে না।প্রধান শিক্ষক ছবি জোয়ারদার বলেন, ময়লা-আবর্জনার দুর্গন্ধে ছোট শিশুরা প্রায়ই পেটের পীড়াসহ নানা রোগে আক্রান্ত হয়।বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি কুতুব উদ্দিন বলেন, পুকুরটি সংস্কার না করায় এর অর্ধেক ভরাট হয়ে গেছে। বর্তমানে জনগণের পানীয় জলের প্রয়োজনে এটি আর কাজে আসছে না। তাই পুকুরটি ভরাট করে সরকারি যেকোনো উন্নয়নমূলক কাজে ব্যবহার করা যেতে পারে। এতে পরিবেশদূষণ রোধ হবে।মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি মো. আক্তারুজ্জামান জানান, এটি অতিপ্রাচীন পুকুর। কিন্তু সংস্কার না করায় ভরাট হয়ে ডোবায় পরিণত হয়েছে। আশপাশে পুকুর থাকায় এর প্রয়োজনীয়তাও কমে গেছে। তিনি পুকুরটি ভরাট করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কতৃৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।মধ্যনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ফজলু মিয়া বলেন, পুকুরটির কিছু অংশ ভরাট হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ঝুলন্ত পায়খানা সরিয়ে নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা হয়েছে। অন্যান্য সমস্যা সমাধানের বিষয়টি আগামী উপজেলা সমন্বয় কমিটির সভায় জানানো হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা বলেন, পুকুরটির কিছু অংশ ভরাট হওয়ায় এটি এখন ডোবায় পরিণত হয়েছে। ময়লা-আবর্জনায় পরিবেশ দূষিত হচ্ছে। পুকুরটির সংস্কারের জন্য জেলা প্রশাসকের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।