মধ্যপ্রাচ্য নীতি পাল্টাতে মার্কিনি হত্যার পরিকল্পনা ছিল লাদেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্য নীতি পরিবর্তনে বাধ্য করতে আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেন হাজার হাজার মার্কিন নাগরিক হত্যার পরিকল্পনা করছিলেন। জব্দ করা তাঁর দিনপঞ্জি ও অন্যান্য তথ্যপ্রমাণ পর্যালোচনা করে মার্কিন কর্মকর্তারা এখন এ কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওয়াশিংটনকে তার বর্তমান মধ্যপ্রাচ্য নীতি থেকে সরাতে কতজন মার্কিনিকে হত্যা করা দরকার তার একটা সম্ভাব্য হিসাব কষেছিলেন লাদেন।লাদেন তাঁর দিনপঞ্জিতে উল্লেখ করেছেন, ৯/১১-এর ছোট হামলাগুলোয় আল-কায়েদা তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এ পরিপ্রেক্ষিতে লাদেন তাঁর অনুসারীদের ছোট শহর ও ট্রেনে হামলার নির্দেশ দেন বলেও জব্দ করা নথিতে দেখা গেছে। সম্প্রতি মার্কিন বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদে ঝটিকা অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে। ওই সময় তাঁর বাসভবন থেকে বিপুল পরিমাণ তথ্যপ্রমাণ জব্দ করা হয়। মার্কিন কর্মকর্তারা লাদেনের ওই জব্দ করা নথিপত্রগুলোকে একটি কলেজের গ্রন্থাগারের সঙ্গে তুলনা করেছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, বিন লাদেনের ব্যক্তিগত কাগজপত্র, হাতে লেখা দিনপঞ্জি এবং কম্পিউটার ফাইল আল-কায়েদার সাম্প্রতিক প্রায় সব ধরনের হুমকির সঙ্গে তাঁর সম্পৃক্ততা প্রমাণ করে।আল-কায়েদা নেতা বেশ কিছু গুরুত্বপূর্ণ দিনে হামলার পরিকল্পনা করছিলেন। এর মধ্যে ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস ও টুইন টাওয়ার হামলার ১০ বছর পূর্তির দিনও রয়েছে।তাঁর হামলার লক্ষ্য শুধু নিউইয়র্ক নগরই ছিল না। লস অ্যাঞ্জেলেসসহ অন্যান্য নগরও ছিল।নাম প্রকাশে অনিচ্ছুক এক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, জব্দকৃত তথ্য-ভান্ডারে প্রায় ১০০টি ফ্লাশ ড্রাইভার ও পাঁচটি কম্পিউটার রয়েছে। মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন, লাদেন ফ্লাশ ড্রাইভারের মাধ্যমেই সম্ভবত যোগাযোগ রক্ষা করতেন। কারণ, তাঁর বাসভবনে কোনো টেলিফোন ও ইন্টারনেট সংযোগ ছিল না।মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার জানিয়েছেন, ‘লাদেনকে ধরার অভিযানটি হত্যা উদ্দেশ্যে পরিচালিত হয়নি। লাদেন যদি আত্মসমর্পণ করতে চাইতেন, তবে তা গৃহীত হতো।’হোল্ডার আরও বলেন, ‘যে নেভি সিলস সেনারা এ অভিযানে অংশ নিয়েছে, তাদের নিরাপত্তার বিষয়টি সামগ্রিকভাবে চিন্তায় বেশি প্রাধান্য পেয়েছে।