মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরু করার ব্যাপারে আশাবাদী কোয়ার্টেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে থেমে যাওয়া পরোক্ষ শান্তি আলোচনা কিছুদিনের মধ্যেই আবার শুরু হতে পারে। মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক মধ্যস্থতাকারী কোয়ার্টেটের (চারজনের গ্রুপ) দুজন সদস্য গতকাল শুক্রবার এই আশাবাদ ব্যক্ত করেন। কোয়ার্টেটের সদস্য হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ ও রাশিয়া।মস্কোতে গ্রুপটির এক বৈঠক শেষে কোয়ার্টেটের দূত টনি ব্লেয়ার রয়টার্সকে বলেন, তিনি আলোচনা পুনরায় শুরু করতে পারেন—এমন কিছু পদক্ষেপের একটি প্যাকেজের প্রত্যাশা করছেন। তিনি বলেন, ‘আমি আশা করছি, আগামী কয়েক দিনের মধ্যেই আমরা এমন একটি প্যাকেজ পাব, যা সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে এই ধারণার জন্ম দেবে যে, হ্যাঁ, গত কয়েক দিনে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়েছে, তা সত্ত্বেও কাছ থেকে আলোচনা এবং তার মাধ্যমে সরাসরি আলোচনার পর্যায়ে উপনীত হওয়াটা আসলেই সুফলদায়ক।’ তবে, পদক্ষেপসমূহের প্যাকেজটির ব্যাপারে ব্লেয়ার কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়ে কেবল এটুকু বলেন, তা কয়েক দিনের মধ্যেই ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন যিনি কোয়ার্টেটের বৈঠকে যোগ দিতে মস্কোতে এসেছেন, তিনিও শান্তি আলোচনা আবার শুরু করার ব্যাপারে অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। হিলারি ক্লিনটন বলেন, গত বৃহস্পতিবার তিনি যখন টেলিফোনে ইসরায়েলের বসতি সম্প্রসারণের ব্যাপারে তাঁর দুশ্চিন্তা জানান, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কার্যকর ও ইতিবাচক জবাব দেন। অবশ্য তাঁদের ফোনালাপের ব্যাপারে কোনো তথ্য হিলারি ক্লিনটন প্রকাশ করেননি। কোয়ার্টেট ইসরায়েলি দখলদারিত্ব শেষ করা ও একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ব্যাপারে দুই বছরের মধ্যে একটি মতৈক্যে পৌঁছানোর লক্ষ্যে শান্তি আলোচনা আবার শুরু করার জন্য ইসরায়েল ও ফিলিস্তিনের প্রতি সরাসরি আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে। ১০ দিন আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সফরকালে বেনিয়ামিন নেতানিয়াহু এক হাজার ৬০০ নতুন বসতি সম্প্রসারণের ঘোষণা দেন। এতে করে মধ্যপ্রাচ্যের শান্তি-প্রক্রিয়া নিয়ে পরোক্ষ আলোচনা বাধাগ্রস্ত হয়। পরে গতকালের বৈঠকে কোয়ার্টেট বসতি সম্প্রসারণ বন্ধের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায়। ফিলিস্তিন কোয়ার্টেটের ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে, ইসরায়েল যদি কোয়ার্টেটের ঘোষণা মেনে নেয়, তাহলে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা আবার শুরু করা সম্ভব। তবে ইসরায়েল এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।