মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ঝুঁকিতে পড়েছে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেইগ বলেছেন, আরব বিশ্বজুড়ে পরিবর্তের ঢেউ ওঠায় মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ‘ক্ষতিগ্রস্ত’ হতে পারে। জর্ডান যাওয়ার পথে লন্ডন টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।হেইগ বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় তিউনিসিয়া ও মিসরের ওপর দৃষ্টি অব্যাহত রাখলে শান্তি আলোচনা আরও গতি হারিয়ে ফেলতে পারে।’ এ ব্যাপারে ইসরায়েলকে ‘উগ্র ভাষা’ পরিহার ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘সাহসী নেতৃত্বের’ আহ্বান জানান তিনি। সাক্ষাত্কারে হেইগ বলেন, ফিলিস্তিনের অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণের কর্মকাণ্ড হতাশজনক এবং কয়েক বছরের মধ্যে শান্তি অর্জন অসম্ভব হতে পারে। তিনি বর্তমানে উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যে তিন দিনের রাষ্ট্রীয় সফরে রয়েছেন।বসতি নির্মাণকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা বন্ধ রয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল বসতি নির্মাণের ওপর স্থগিতাদেশ আরোপ না করলে তারা আলোচনায় ফিরে যাবে না। বিবিসি।