মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় বিশ্বনেতাদের সমর্থন চাইলেন ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নতুনভাবে শুরু করা মধ্যপ্রাচ্য শান্তি আলোচনাকে সমর্থন দেওয়ার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।জাতিসংঘের মহাসচিব বান কি মুনের উদ্বোধনী বক্তৃতার মধ্য দিয়ে গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনের সাধারণ বিতর্ক শুরু হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের ১৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এতে অংশ নিচ্ছেন। ইসরায়েলের প্রতি বসতি নির্মাণের স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়ে ওবামা বলেন, এবারের আলোচনা শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া উচিত। এ সময় তিনি গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শান্তি আলোচনার প্রতি সমর্থন দিতে সবার প্রতি আহ্বান জানান।ওবামা বলেন, জেরুজালেমের ভূমিকে যে তিনটি ধর্মমত পবিত্র মনে করে, তাদের কাছ থেকে সহিষ্ণুতার শিক্ষা নিতে হবে। এখন সময় এসেছে যা কিছু ভালো, তা বের করে আনার। আর এটা করতে পারলেই আরও একটি চুক্তি সম্ভব হতে পারে। যার মাধ্যমে আগামী বছর জাতিসংঘে যোগ দেবে নতুন এক সদস্য রাষ্ট্র, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র। যার সঙ্গে ইসরায়েলের শান্তির সম্পর্ক থাকবে।মার্কিন প্রেসিডেন্ট বলেন, শান্তি-প্রক্রিয়ার সামনে বড় বড় চ্যালেঞ্জ রয়েছে। আর এমনি একটি পরীক্ষার সময় এখন ঘনিয়ে এসেছে। ওবামা মনে করেন, বসতি নির্মাণের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞার ফলে মাঠপর্যায়ে পরিস্থিতির উন্নতি হয়েছে। দুই পক্ষের মধ্যে আলোচনার পরিবেশ সৃষ্টি হয়েছে। পারস্পরিক আস্থা সৃষ্টির জন্য এটাই উপযুক্ত সময়।ওবামা বলেন, আলোচনার মাধ্যমেই মধ্যপ্রাচ্য সমস্যার সমাধান সম্ভব। ইসরায়েল ও ফিলিস্তিনের পূর্বপুরুষেরা যে শান্তির বাতাবরণ তৈরি করতে ব্যর্থ হয়েছিলেন, তাঁদের উত্তর পুরুষেরা সেটা করতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন। উদ্বোধনী বক্তৃতায় জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় জাতিসংঘের মাধ্যমে সবার জন্য একটি উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে পারলে বিশ্ব তার মহৎ লক্ষ্য অর্জন করতে পারবে। তিনি বলেন, ‘দারিদ্র্য দূরীকরণ, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবিলা, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ ও নারীর ক্ষমতায়নসংক্রান্ত আমাদের প্রতিশ্রুতি বাস্তবে পরিণত করার এখনই সময়।’ বান কি মুন বলেন, ‘মহৎ লক্ষ্য অর্জন এখন আমাদের দ্বারপ্রান্তে। আমরা একত্রে কাজ করার মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে পারি।’ খবর বিবিসি, বাসস।