মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা ওবামার
আসছে বসন্তে ইসরায়েল, পশ্চিম তীর ও জর্ডান সফরে যাবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্যের ওই অংশে এটাই হবে তাঁর প্রথম সফর। হোয়াইট হাউসের বরাত দিয়ে গতকাল বুধবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়।গত জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পুনর্নির্বাচিত হওয়ার পর টেলিফোনে তাঁকে অভিনন্দন জানান ওবামা। ওই সময় এই সফরের বিষয়ে তাঁদের আলোচনা হয়। হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো ওবামার এই সফরসূচি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১০ বলেছে, সফরটা হতে পারে ২০ মার্চের দিকে।জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র টমি ভিয়েটর বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে ওবামার দ্বিতীয় মেয়াদ শুরু ও ইসরায়েলে নতুন সরকার গঠন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও টেকসই করার সুযোগ করে দেবে।’ইসরায়েল সফরকালে ইরান ও সিরিয়ার প্রসঙ্গ ছাড়াও দুই দেশের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন এই মুখপাত্র। আঞ্চলিক বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে ওবামা ফিলিস্তিন ও জর্ডান কর্তৃপক্ষের সঙ্গেও অন্তরঙ্গভাবে আলোচনা করবেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়।এর আগে ২০০৮ সালে প্রেসিডেন্ট পদের একজন প্রার্থী হিসেবে ইসরায়েল ও জর্ডান সফর করেছিলেন ওবামা।