মধ্যপ্রাচ্যে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান পোপের
পোপ ষোড়শ বেনেডিক্ট মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মতো সাম্প্রদায়িক সংঘাতপূর্ণ অঞ্চলের স্থিতিশীলতার ভিত্তি হলো ধর্মীয় স্বাধীনতা।‘গার্ডিয়ান’-এর অনলাইনে প্রকাশিত খবরে আজ বলা হয়, মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি খ্রিষ্টান অধ্যুষিত দেশ লেবানন সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার বেনেডিক্ট এ কথা বলেন। বৈরুতের অদূরে লেবানন পাহাড়ে প্রেসিডেন্ট প্রাসাদের এক অনুষ্ঠানে ফ্রান্সের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন দেশের কূটনীতিক ও ধর্মীয় নেতাদের সামনে পোপ বলেন, ‘আমাদের ভুললে চলবে না, ধর্মের স্বাধীনতা হলো এমন এক অধিকার যা থেকে অন্যান্য অধিকার জন্ম নেয়।’লেবাননকে তিনি বিভিন্ন ধর্মাবলম্বীর সহাবস্থানের আদর্শ স্থান হিসেবে উল্লেখ করেন। পোপ বলেন, লেবাননে খ্রিষ্টান ও মুসলমানরা একই জায়গায়, একই পরিবারে বাস করছে। তিনি প্রশ্ন করেন, ‘যদি এক পরিবারে বাস করা যায়, তবে এক সমাজে কেন বাস করা যাবে না?’ লেবাননে ভিন্ন ভিন্ন ধর্ম পালন করে এমন দম্পতির সংখ্যা কম নয়। তিনি বলেন, এমনটা নিশ্চিত করা আবশ্যক যে ‘জীবন ও স্বাতন্ত্রের প্রতি কোনো ধরনের হুমকি ছাড়া’ যে কেউ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে।লেবাননের উত্তরাঞ্চলে গতকাল শুক্রবার সহিংসতার মাত্র কয়েক ঘণ্টা পর পোপ ওই দেশে পৌঁছান। পোপের আগমন উপলক্ষে দেশটির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে নির্মিত মুসলিমবিরোধী একটি চলচ্চিত্রকে কেন্দ্র করে লেবাননে বিক্ষোভের শিকার হয়েছে কেএফসি ও হারডিসের মতো রেস্তোরাঁ। বিভিন্ন অঞ্চলে সহিংসতায় একজন নিহত ও ২৫ জন আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আহত ব্যক্তিদের মধ্যে ১৮ জন পুলিশ সদস্য আছেন।