মধ্যবর্তী নির্বাচন চাইলেন এম কে আনোয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণ সরকারের সঙ্গে নেই দাবি করে মধ্যবর্তী নির্বাচন চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল ইয়ুথ ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এ দাবি করেন। গোলটেবিলের শিরোনাম ‘বাংলাদেশের গণতন্ত্র ও শহীদ জিয়াউর রহমান’।এম কে আনোয়ার সরকারকে উদ্দেশ করে বলেন, জনগণের কাছে গিয়ে জানতে চান তারা কেমন আছে। জনগণ ভালো নেই। তারা এ সরকার চায় না। জনগণের এ চাওয়াকে সম্মান দেখিয়ে এখনই মধ্যবর্তী নির্বাচন দেওয়ার দাবি করেন তিনি। তিনি বলেন, সরকারের ঘণ্টা বেজে গেছে। তাদের বিদায় নিতে হবে। শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তা প্রমাণ করতে আওয়ামী লীগের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। এম কে আনোয়ার বলেন, ‘শেখ মুজিবের বিচার হয়েছিল পশ্চিম পাকিস্তানে। সেখানে তিনি বলেছিলেন, তিনি স্বাধীনতার ঘোষণা দেননি। তাঁকে গ্রেপ্তারের পর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে।’ তিনি অভিযোগ করেন, শেখ মুজিব গণতন্ত্র বিপন্ন করেছিলেন আর বর্তমান সরকার ভারতের তাঁবেদার হয়ে স্বাধীনতা বিপন্ন করছে।বিএনপির হরতালের ডাক প্রসঙ্গে এম কে আনোয়ার বলেন, সরকার গ্যাস, বিদ্যুত্ ও পানি সমস্যার সমাধান দিতে পারলে বিএনপি হরতাল করবে না। তিনি বলেন, আওয়ামী লীগ বিএনপির প্রথম দফার শাসনকালে ১৭৩ দিন এবং পরবর্তী দফার শাসন আমলে ১৩৩ দিন হরতাল করেছে। তখন তাদের বাধা দেওয়া হয়নি। কিন্তু এখন সরকার বিএনপিকে হরতাল করতে বাধা দিচ্ছে। গোলটেবিল আলোচনায় সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী টি এম গিয়াসউদ্দিন আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামান, জাতীয় গণতান্ত্রিক পার্টি নেতা শফিউল আলম প্রধান প্রমুখ।