যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় বিএনপির নেতারা
মধ্যবর্তী নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে গণ-আন্দোলন
মধ্যবর্তী নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে গণ-আন্দোলনে জোরদার ভূমিকা রাখতে যুবদলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। তাঁরা বলেন, দেশ রক্ষায় মধ্যবর্তী নির্বাচন এখন সময়ের দাবি। এ জন্য প্রয়োজন কঠোর আন্দোলন। আর এতে যুবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার আয়োজিত আনন্দ শোভাযাত্রা-পূর্ব সমাবেশে বিএনপির নেতারা এসব কথা বলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। গত ২৭ অক্টোবর ছিল সংগঠনের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ওই দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে কর্মসূচি শুরু হয়। আগামী রোববার মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।সমাবেশ শেষে রঙিন বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক মোড় হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা উপলক্ষে দুপুরের পর থেকে রাজধানীর বিভিন্ন থানা থেকে যুবদলের নেতৃত্বে ছোট-বড় মিছিল এসে মুক্তাঙ্গনে জড়ো হয়। বিকেল চারটার দিকে মুক্তাঙ্গন ও এর সামনের দুই পাশের রাস্তায় অবস্থান নেন নেতা-কর্মীরা। বিভিন্ন থানা থেকে ট্রাক, মাইাক্রোবাস ও ঘোড়ার গাড়ি নিয়েও সমাবেশে আসেন নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ব্যানার ও পোস্টার। নেতা-কর্মীদের কেউ কেউ ধানের শীষ নিয়ে কৃষক সেজে মিছিলে অংশ নেন। শোভাযাত্রার শুরুতে বিএনপির দীর্ঘ পতাকা বহন করেন নেতা-কর্মীরা। শোভাযাত্রায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সব বাধা দূর করতে সরকারের প্রতি আহ্বান-সংবলিত ব্যানার বহন করা হয়। বিভিন্ন থানা থেকে আসা নেতা-কর্মীদের পরনে ছিল তারেক রহমানের ছবি ও স্লোগান-সংবলিত টি-শার্ট। এতে লেখা ছিল, ‘তোমার প্রতীক্ষায় বাংলাদেশ’ ও ‘ষড়যন্ত্রের দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ’। শোভাযাত্রার কারণে পল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও মগবাজার সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মুক্তাঙ্গনে শোভাযাত্রা-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও নজরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন। যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।