মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন: মির্জা ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। তাই এখন মধ্যবর্তী নির্বাচন দরকার। বর্তমান সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করার কথা বলেন তিনি।আজ রোববার বিকেল চারটায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের সেনুয়া বাসস্ট্যান্ডে স্থানীয় বিএনপি আয়োজিত পথসভায় মির্জা ফখরুল এসব কথা বলেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকারের কথা ভুলে গিয়ে সব ক্ষেত্রে দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। চলছে দলীয়করণের লাল ঘোড়ার দৌরাত্ম্য।বর্তমান সরকার তাদের দলীয় লোকদের ৮০০ মামলা প্রত্যাহার করে নিয়েছে অথচ বিরোধী দলের একই ধরনের একটি মামলাও প্রত্যাহার করা হয়নি। বরং দমন নীতির মাধ্যমে একের পর এক নতুন মামলা দিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে।আজকের ওই সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপির সভাপতি মো. আবুল হোসেন।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম, যুগ্ম সম্পাদক মামুনুন রশীদ মামুন, আবদুল খালেক প্রমুখ।