মধ্যবর্তী নির্বাচনের দাবি জানালেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া দেশে মানবাধিকারের চরম অবনতি, বিচার বিভাগের দলীয়করণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, রাজনৈতিক হয়রানিসহ বিভিন্ন বিষয়ে সরকার পরিচালনায় ব্যর্থতার অভিযোগ এনে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়েছেন। যুক্তরাজ্যে সফররত বিরোধীদলীয় নেতা গত বুববার লন্ডনে হাউস অব কমন্সের পোর্ট ক্যালিস হাউসের কনজারভেটিভ দলের কো-চেয়ার ব্যারোনেস সাঈদা ওয়ার্সির সঙ্গে বৈঠককালে এ দাবি জানান। এ সময় সাঈদা ওয়ার্সি মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে বিএনপির কাছে নতুন নির্বাচনী ইশতেহার দাবি করেন।পরে বিএনপির চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান প্রথম আলোকে বলেন, তাঁরা দেশে ফিরেই নতুন নির্বাচনী ইশতেহার তৈরি করে মধ্যবর্তী নির্বাচনের আন্দোলন শুরু করবেন। উভয় নেতার বৈঠকে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো ছাড়াও জলবায়ু পরিবর্তন, ব্রিটেনে পড়তে আসা শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়গুলো গুরুত্ব পায়। হাউস অব লর্ডসে মধ্যাহ্নভোজ: খালেদা জিয়া গতকাল বৃহস্পতিবার বিকেলে ব্রিটেন-বাংলাদেশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের (এপিপিজি) চেয়ার অ্যান মেইন এমপির আমন্ত্রণে হাউস অব লর্ডসে মধ্যাহ্নভোজে যোগ দেন। হাউস অব লর্ডসে খালেদা জিয়াকে স্বাগত জানান নিকি মরগান এমপি, লর্ড নাজির আহমেদ, এরিক ওলিয়ার্নশোসহ বেশ কয়েকজন পার্লামেন্টারিয়ান। বক্তৃতাকালে বিএনপির চেয়ারপারসনের উত্থাপিত অভিযোগের জবাবে অ্যান মেইন এমপি বলেন, তিনি ড. ইউনূস ও মানবাধিকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তিনি রাজনৈতিক হয়রানির বিষয়টিকে বাংলাদেশের সংস্কৃতির অংশ বলে মন্তব্য করেন। বিষয়টি নিয়ে তিনি মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নজরে আনারও প্রতিশ্রুতি দেন। আগামী সেপ্টেম্বরের যেকোনো সময় কনজারভেটিভ পার্টির একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে অ্যান মেইন এমপি জানান। ডিএফআইডি-প্রধানের সঙ্গে বৈঠক: বিকেলে খালেদা জিয়া ডিএফআইডি-প্রধান অ্যালান ডানকানের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া তিনি যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে নৈশভোজে যোগ দেন। খালেদা জিয়া ২১ মে সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।