মধ্যবর্তী নির্বাচনের দাবিকে আমলে নিচ্ছে না সরকার
মধ্যবর্তী নির্বাচনের দাবিতে বিরোধী দলের আন্দোলনের হুমকিকে আমলে নিচ্ছে না সরকার ও আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মীদের মনোবল চাঙা করতে বিএনপির নেতারা এ রকম কথাবার্তা বলছেন বলে মনে করেন সরকারদলীয় নীতিনির্ধারকেরা। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা উল্লেখ করে সরকার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তাঁরা।নীতিনির্ধারকদের মতে, সভা-সমাবেশ বা রাজপথে বক্তব্য দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি আদায় হবে না। নির্ধারিত মেয়াদ পর্যন্ত তাঁরা ক্ষমতায় থাকবেন। শুধু জাতীয় সংসদে অনাস্থা প্রস্তাব পাস হলেই মধ্যবর্তী নির্বাচন হতে পারে। এ জন্য বিরোধী দলকে সংসদে এসে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলতে হবে।এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, বিরোধী দল সংসদে এসে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলতে পারে। অনাস্থা প্রস্তাব পাস হলে মধ্যবর্তী নির্বাচন হবে। অন্য কোথাও এসব বলে লাভ হবে না।বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া লন্ডন ও নিউইয়র্কে দলীয় সমাবেশে সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি করেন। চলতি মাসের মধ্যে এ দাবি পূরণ না হলে তিনি আন্দোলনের কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেন। এ ছাড়া কয়েক দিন ধরে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা বিভিন্ন সভা-সমাবেশে মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলছেন। এমনকি সংসদে যোগ দেওয়ার শর্ত হিসেবেও তাঁরা এ দাবির কথা বলছেন।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বিরোধী দলের মধ্যবর্তী নির্বাচনের দাবিকে ‘মধ্যবর্তী রসিকতা’ বলে মন্তব্য করে বলেন, অযৌক্তিক দাবির নামে আন্দোলনের কর্মসূচি দেওয়া হলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর মতে, বিরোধী দল এ দাবি নিয়ে কোনো কর্মসূচি দিলে তা হবে কর্মী চাঙাকরণ কর্মসূচি। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ বিচলিত হয়ে পড়বে, এমনটা ভাবার কোনো কারণ নেই। দলীয় সূত্রগুলো জানায়, পঞ্চম সংসদে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সাংসদেরা পদত্যাগ করলেও মধ্যবর্তী নির্বাচন হয়নি। তখনকার বিএনপি সরকার পুরো মেয়াদেই ক্ষমতায় ছিল। ২০০১ সালের পর আওয়ামী লীগ মধ্যবর্তী নির্বাচনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেও এ দাবি আদায় করতে পারেনি।আওয়ামী লীগের নেতাদের মতে, সরকারের মেয়াদ আড়াই বছর বাকি থাকতেই বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার ও প্রধান উপদেষ্টা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। এ বি এম খায়রুল হককে তারা প্রধান উপদেষ্টা হিসেবে মানবে না বলে সভা-সমাবেশে বক্তব্য দিচ্ছে। কিন্তু কাকে মানবে, তা সংসদে এসে বলতে হবে। বিরোধী দলের মতামতকে গুরুত্বের সঙ্গে নিয়েই সরকার সবকিছু করবে।এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, একতরফা নির্বাচন করার কোনো পরিকল্পনা আওয়ামী লীগের নেই। ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচনের কথা সরকার চিন্তাও করে না। কিন্তু আদালতের রায়ের কারণে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও প্রধান উপদেষ্টা নিয়ে বিরোধী দলের মতামত সংসদে এসে বলতে হবে।