পল্টন ময়দানে সমাবেশ করার অনুমতি না পাওয়ায় মধ্যবর্তী নির্বাচনের দাবিতে আগামী সোমবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর আগে বিএনপি পল্টন ময়দান পাওয়া না গেলে মুক্তাঙ্গন অথবা বঙ্গভবনের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল।আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের সঙ্গে মতবিনিময়ের পর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই নতুন সিদ্ধান্তের কথা জানান।দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গ্যাস, বিদ্যুৎ, পানির সরবরাহ বৃদ্ধি, শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে যুক্তদের গ্রেপ্তারসহ বিভিন্ন জনদুর্ভোগ সমাধানের দাবিতে গত ৬ এপ্রিল থেকে বিএনপি কর্মসূচি পালন করে আসছে। মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে বলেও জানা গেছে।মির্জা ফখরুল জানান, মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সমাবেশ করার জন্য বিএনপি অনেক আগেই পল্টন ময়দান ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করেছিল। কিন্তু সরকার মাঠ ব্যবহারের অনুমতি দেয়নি। তাই ৯ মে বিকেল তিনটায় ওই সমাবেশটি দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে।সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, একতরফাভাবে সংবিধান সংশোধন করা হলে তার পরিণতি শুভ হবে না। জনগণ তা মেনে নেবে না। তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে সরকারের শুভবুদ্ধির উদয় হবে।অন্য এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, তেলের মূল্য বৃদ্ধির বিরূপ প্রভাব এরই মধ্যে জনগণের ওপর পড়তে শুরু করেছে। তিনি তেলের দাম কমিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।