মধ্যবিত্তের অর্থ ভাল থাকলে শখের চর্চা বাড়ে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেছেন, মধ্যবিত্তের বিকাশের সঙ্গে মুদ্রা সংগ্রহের একটা সম্পর্ক আছে। মধ্যবিত্তের স্বাস্থ্য, অর্থ যখন ভাল থাকে, তখন শখের চর্চা, সাহিত্যে চর্চা বাড়ে।আজ শুক্রবার সকালে জিপিওর ঢাকা ভবনের সম্মেলন কক্ষে দুই দিনব্যাপী মুদ্রা প্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টর সোসাইটি নামের একটি সংগঠন এই প্রদর্শনীর আয়োজন করে।আতিউর রহমান বলেন, ইতিহাসের সঙ্গে মুদ্রার সম্পর্ক খুব নিবিড়। মুদ্রা সংগ্রহ করা ইতিহাসের খড়-কুড়ো সংগ্রহ করার মতোই একটি শখ। তিনি বলেন, এক সময় মুদ্রার সংগ্রহকে রাজার শখ বলা হতো, বর্তমানে এটিকে শখের রাজাও বলা হয়। ইউরোপ-আমেরিকাতে এ শখটি যথেষ্ট জনপ্রিয়। বাংলাদেশেও এই শখের অনেক শৌখিন পৃষ্ঠপোষক দেখা যায়। তিনি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মুদ্রায় দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার বিষয় উল্লেখ করেন।বাংলাদেশ নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটির সভাপতি অমলেন্দু সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন। দুদিনব্যাপী এই প্রদর্শনী আগামীকাল শনিবার বিকেল ৫টায় শেষ হবে। সকাল ১০টা থেকে প্রদর্শনী উন্মুক্ত থাকবে।