মধ্যবিত্তের জন্য রাজউক চারটি উপশহর নির্মাণ করবে
ঢাকা শহরে আবাসনের চাপ কমানো এবং নগরায়ণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আবাসন সমস্যার তীব্রতা কমাতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক মধ্যবিত্তদের জন্য চারটি স্যাটেলাইট সিটি বা উপশহর নির্মাণ করবে। উপশহরগুলো তৈরি করা হবে ঢাকার আশপাশে চারটি এলাকায়। জায়গাগুলো হলো গাজীপুর, সাভার, কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জ। এসব উপশহরে এক লাখ করে ফ্ল্যাট থাকবে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় রাজউক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. নুরুল হুদা এ কথা জানান। এ ছাড়া রাজউক রাজধানীতে আবাসন সংকটের আশু সমাধান হিসেবে উত্তরার ১৮ নম্বর সেক্টরে উত্তরা আদর্শ আবাসিক প্রকল্পে ২২ হাজার ৫১২টি ও কেরানীগঞ্জের ঝিলমিল আদর্শ শহরে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে। উত্তরায় এ প্রকল্প বাস্তবায়নে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে আট হাজার ৬৩৩ কোটি ৬২ লাখ টাকা। সেখানে বর্তমানে অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। আর ঝিলমিল প্রকল্পের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে চার হাজার ৩১৬ কোটি ৮১ লাখ টাকা। এসব প্রকল্পের কাজ ২০১০ সালে শুরু হয়ে ২০১৫ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে (ইউসুফগঞ্জ, নারায়ণগঞ্জ) ২০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে রাজউক। এসব প্রকল্প প্রধানমন্ত্রীর নির্দেশে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাজউক বাস্তবায়ন করবে। রাজউক চেয়ারম্যান এক প্রশ্নের জবাবে জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাজউকের অভ্যন্তরীণ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তিনি রাজউকের ভেতরে ও বাইরে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। তাই তিনি এখন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে থাকেন।তিনি আরও বলেন, রাজউকের নকশা লঙ্ঘন করে নির্মাণ করা হয়েছে ঢাকা শহরের এমন পাঁচ হাজার ভবন চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অচিরেই শুরু হবে বলে রাজউক চেয়ারম্যান জানান।