বাংলাদেশ ব্যাংকের বার্ষিক প্রতিবেদন
মধ্যম আয়ের দেশে পৌঁছাতে চার বছরের বেশি লাগার কথা নয়
বাংলাদেশ ব্যাংক মনে করে, জাতীয় প্রবৃদ্ধির বর্তমান হার অব্যাহত থাকলে মধ্যম আয়ের দেশে উত্তরণে বাংলাদেশের চার বছরের বেশি সময় লাগার কথা নয়। তবে এই প্রবৃদ্ধির সুফল দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক বিস্তৃতি ঘটিয়ে, দারিদ্র্য দ্রুত মোচন করে এবং মানবসম্পদ উন্নয়ন সূচকগুলোর দ্রুত অগ্রগতি করতে হবে। আর সেটা করা গেলে ২০২০ সালের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের করে আনতে সরকারের ঘোষিত লক্ষ্যটি ঠিকমতো অর্জন নিশ্চিত করা যাবে।অন্যদিকে মধ্য মেয়াদে দেশের সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর জন্য নিকট ও মধ্যমেয়াদি ছয়টি নিম্নমুখী ঝুঁকি ও অনিশ্চয়তার কথা বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এগুলো হলো রপ্তানি বাণিজ্য ও প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ওপর বিশ্বব্যাপী আর্থিক সংকটের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব, মন্দাকবলিত দেশগুলো থেকে প্রবাসী শ্রমিকদের ফেরত আসা অব্যাহত থাকা, বিনিয়োগপ্রবাহে দুর্বলতা, অভ্যন্তরীণ মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকি, বিদ্যুত্-গ্যাস-বন্দর পরিবহনসহ অবকাঠামোগত সমস্যা এবং বন্যা-প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি।বাংলাদেশ ব্যাংক ২০০৮-০৯ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আজ রোববার এসব তথ্য দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বার্ষিক প্রতিবেদনটি প্রকাশ করেন। এ সময় ডেপুটি গভর্নর নজরুল হুদা, মুরশিদ কুলি খান, গভর্নরের সিনিয়র পরামর্শক ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী, অর্থনৈতিক উপদেষ্টা হাবিবউল্লাহ বাহারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তবে ২০০৮-০৯ অর্থবছরের প্রতিবেদনে যেসব ঝুঁকির কথা রয়েছে, তা বর্তমান অবস্থাতেও বিদ্যামান কি না, এমন প্রশ্নে আল্লাহ মালিক কাজেমী বলেন, বর্তমান পরিস্থিতিতে সব ঝুঁকিই কমের দিকে নেমে এসেছে। পশ্চিমা দেশগুলোর বাজার ততটা ভালো না হলেও এসব দেশে বাংলাদেশ মৌলিক পণ্যগুলো (পোশাকের ক্ষেত্রে মৌলিক কাপড়) রপ্তানি করে। ফলে বাজার হারানোর আশঙ্কা নেই। অন্যদিকে পূর্বের দেশগুলোতে নতুন বাজার তৈরি হচ্ছে, যা ইতিবাচক।আতিউর রহমান বলেন, দেশজ উত্পাদনে অব্যাহত প্রবৃদ্ধির পাশাপাশি প্রবাসীদের পাঠানো আয় ক্রমে বৃদ্ধির কারণে মাথাপিছু জাতীয় আয় দ্রুত বাড়ছে। তিনি জানান, ২০০৪-২০০৫ অর্থবছর থেকে যা প্রায় ৫০ শতাংশ বেড়ে ২০০৮-০৯ অর্থবছরে হয়েছে ৬৯০ মার্কিন ডলার। এই হারের প্রবৃদ্ধি অব্যাহত থাকলে মধ্যম আয়ের দেশ হওয়ার জন্য বর্তমানে নির্ধারিত ৯৭৬ মার্কিন ডলারে পৌঁছাতে বছর চারেকের বেশি সময় লাগার কথা নয়।প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির দ্রুত পুনরুদ্ধার না হলে ২০০৯-১০ অর্থবছরে ২০০৮-০৯ অর্থবছরের মতো একই পর্যায়ের প্রবৃদ্ধি অর্জন করা চ্যালেঞ্জিং হবে। কেননা, এরই মধ্যে বিশ্ব অর্থনীতির সংকট বাংলাদেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে শুরু করেছে।আতিউর রহমান বলেন, বিশ্ব অর্থনীতিতে আর্থিক খাতের বিপর্যয় থেকে তৈরি হওয়া মন্দা পরিস্থিতিতেও বাংলাদেশের মোট দেশজ উত্পাদনের প্রবৃদ্ধি সন্তোষজনক ছিল। আগের অর্থবছরের ৬ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পর ২০০৮-০৯ অর্থবছরে ৫ দশমিক ৯ শতাংশ প্রকৃত প্রবৃদ্ধি হয়েছে। প্রতিবেশী দেশগুলোর বড়মাত্রার রপ্তানি পতনের প্রেক্ষাপটেও ১০ শতাংশের বেশি রপ্তানি প্রবৃদ্ধি বাংলাদেশের এক বড় অর্জন হিসেবে চিহ্নিত করা যায়।তিনি বলেন, বিশ্ব পণ্যবাজারে মূল্য পতন ও কৃষি খাতে ভালো স্থানীয় উত্পাদনের কারণে গড় বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি ২০০৮-০৯ অর্থবছরের শুরুর দিকে ৯ দশমিক ৯ শতাংশ ছিল, যা ধীরে ধীরে কমে আসে। অর্থবছরের শেষে তা হয় ৬ দশমিক ৭ শতাংশ।