মধ্যরাত থেকে শুরু হলো আদমশুমারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে গতকাল সোমবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হয়েছে আদমশুমারি ও গৃহগণনা। ১২টা এক মিনিটে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে গণনার মাধ্যমে পঞ্চমবারের মতো আদমশুমারি ও গৃহগণনা শুরু হয়। পাঁচ দিনব্যাপী গণনা চলবে শনিবার পর্যন্ত। রাষ্ট্রপতিকে গণনার পর ভোর পর্যন্ত একযোগে সারা দেশে ভাসমান লোকের গণনা করা হয়। এ সময় যারা রেলস্টেশন, লঞ্চঘাট, ফুটপাত অথবা সিঁড়ির নিচে রাত কাটিয়েছে, তাদের গণনা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণনা করার কথা রয়েছে।গতকাল সোমবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার আদমশুমারি ও গৃহগণনার বিষয়টি জানিয়ে এ কর্মসূচি সফল করতে সহায়তার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাজাহান আলী মোল্লা, পরিসংখ্যান বিভাগের সদস্য রীতি ইব্রাহিম উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, এবার বাংলাদেশ ভূখণ্ডের সব মানুষ ও গৃহ গণনা করা হবে। দুর্গম এলাকা ও ছিটমহলে গণনাকাজের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মূল শুমারির জন্য মডিফায়েড ডিফেকটো পদ্ধতি অনুসরণ করা হবে। শুমারির রাতে যারা এক পাকে খেয়েছে এবং এক খানায় অবস্থান করেছে, তাদের সেখানে গণনা করা হবে। গণনার মাধ্যমে দেশের নারী-পুরুষের সংখ্যা, তাদের বয়স, শিক্ষা, বৈবাহিক অবস্থা, ধর্ম, কাজের ক্ষেত্র, গোত্র ইত্যাদি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় ২৫৩ কোটি টাকা।মন্ত্রী জানান, সারা দেশকে মোট ১৩০টি শুমারি জেলায় ভাগ করা হয়েছে। প্রতিটি জেলায় একজন সমন্বয়কারী থাকছেন এবং তিনি ওই এলাকায় কাজ তদারক করছেন। তাঁর অধীনে ২০-২২টি জোন গঠন করা হয়েছে। দুই হাজার ৭০০ জোনাল সমন্বয়কারী তাঁদের নিজ নিজ জোনের কাজ তদারক করবেন। পুরো দেশকে তিন লাখ ১০ হাজার গণনা এলাকায় ভাগ করা হয়েছে। তিন লাখ ১০ হাজার গণনাকারী এবং ৫৭ হাজার সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।তথ্য সংগ্রহের কাজ করা তিন লাখ ১০ হাজার গণনাকারীর সবাই অন্তত এসএসসি পাস। গণনার কাজে প্রায় ৫০ শতাংশ নারী নিয়োগ দেওয়া হয়েছে। প্রত্যেক গণনাকারী নির্ধারিত এলাকায় গড়ে ১২০টি খানায় গণনা করবেন এবং তাঁরা নিজেরাও ওই খানার সদস্য হবেন। ফলে এলাকায় তাঁরা পরিচিত ব্যক্তি হবেন। তা ছাড়া তাঁদের গলায় ছবিসহ পরিচয়পত্র থাকবে।দেশে সর্বপ্রথম ১৯৭৪ সালে আদমশুমারি হয়। এরপর ১৯৮১, ১৯৯১ ও ২০০১ সালে আদমশুমারি ও গৃহগণনা হয়। জাতীয় সংসদসহ সব নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, জাতীয় সম্পদের বণ্টন, চাকরির ক্ষেত্রে কোটা নির্ধারণ ইত্যাদিসহ দেশের সার্বিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে শুমারির তথ্য ব্যবহার করা হয়। এর আগে গত ২৭ জানুয়ারি আদমশুমারি ও গৃহগণনার উদ্বোধনী খাম ও ডাকটিকিট অবমুক্ত করা হয়।