মধ্যরাতে ইংরেজি মাধ্যমের পরীক্ষা
বিএনপির ডাকা হরতালের কারণে ইংরেজি মাধ্যমের পরীক্ষা গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে অনুষ্ঠিত হয়েছে। এ কারণে অভিভাবক ও শিক্ষার্থীদের অনেকেই হয়রানির মুখে পড়েন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক প্রথম আলোকে বলেন, ‘ও’ লেভেল পড়ুয়া তাঁর মেয়ের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গতকাল বিকেল সাড়ে চারটায়। কিন্তু হরতালের কারণে সেটা পিছিয়ে করা হয় রাত ১২টায়। পরীক্ষার সময় দুই ঘণ্টা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আজ শুক্রবার দিনে আবার তাঁর মেয়ের পরীক্ষা আছে। গভীর রাতে পরীক্ষা দেওয়ার পর সকালে আবার পরীক্ষা থাকায় মানসিক চাপে পড়েছে সে।আরেক অভিভাবক জানান, তাঁর ছেলের ‘ও’ লেভেলের পরীক্ষা হওয়ার কথা ছিল বিকেল তিনটায়। কিন্তু হরতালের কারণে সেটা হয় বৃহস্পতিবার রাত পৌনে ১২টায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এভাবে রাতের বেলা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে হয়রানি, যানবাহন, নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন বিষয় সংশ্লিষ্টদের ভেবে দেখা উচিত। তবে ঢাকার ব্রিটিশ কাউন্সিলের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, নিয়ম অনুযায়ী হরতালের কারণে এডেক্সেল ইন্টারন্যাশনালের বেলা সাড়ে ১১টার পরীক্ষা শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। আর বিকেল সাড়ে চারটার পরীক্ষা শুরু হয় রাত ১২টায়। অন্যদিকে কেমব্রিজের বিকেল তিনটার পরীক্ষা হয় রাত পৌনে ১২টায়।গতকাল রাতে কেমব্রিজ ও এডেক্সেল ইন্টারন্যাশনালের পরীক্ষা ছিল। এর আগেও হরতালের কারণে ইংরেজি মাধ্যমের পরীক্ষা রাতে অনুষ্ঠিত হয়েছে।এবার হরতালের কারণে এইচএসসি ও সমমানসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন পরীক্ষার সূচি ওলট-পালট হয়ে গেছে। এইচএসসির মতো গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা কয়েক দফা পেছানো হয়েছে। গত বৃহস্পতিবারের পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। অন্যদিকে বিভিন্ন শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা আজ শুক্রবার নেওয়ার ফলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আজকের এইচএসসি, বিএ, বিএসএস পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।