বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর বনানীর বাসভবন ‘সিলেট হাউসে’ বৃহস্পতিবার মধ্যরাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে একদল লোক ধাক্কাধাক্কি করেছে। তবে দরজা না খোলায় কেউ ভেতরে ঢুকতে পারেনি।ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর সাংবাদিকদের বলেন, রাত একটার দিকে ডিবি পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি তাঁদের বাসার নিচতলায় এসে দরজা খুলতে বলে। দরজা না খুললে তারা দরজায় ধাক্কাধাক্কি শুরু করে। এ সময় তিনি আতঙ্কিত হয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করলে ওসি তাঁকে জানান, ডিবির একটি টহল দল সেদিকে গেছে।তাহসিনা রুশদীর জানান, বাড়ির নিরাপত্তাকর্মী ও অন্যরা তখন তাঁর কাছে ফোন করে জানতে চান, দরজা খোলা হবে কি না। তিনি নিষেধ করলে কর্মীরা দরজা খোলেননি। একসময় ডিবি পরিচয়ধারী ব্যক্তিরা চলে যায়। বনানী থানার ওসি মামুনুর রশীদ বলেন, ডিবির দল ভুলে ওই বাড়িতে যেতে পারে। তবে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ডিবি তো দূরে থাক, পুলিশের কোনো লোক পর্যন্ত ওই বাড়িতে যায়নি। তাহলে কারা সেখানে গিয়েছিল? মনিরুল ইসলাম বলেন, সেটা তদন্ত করে দেখা যেতে পারে।গত ১৭ এপ্রিল মধ্যরাতে রাজধানীর রূপসী বাংলা হোটেল থেকে বাসায় ফেরার পথে বনানী এলাকা থেকে উধাও হন ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলী। বনানীর রাস্তায় পাওয়া যায় ইলিয়াসের গাড়িটি। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ নেই।আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ে কথা বলে জানা গেছে, ইলিয়াস আলীর খোঁজে এখন কোনো বাহিনীর তৎপরতা নেই।