মধ্যরাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে পুলিশের তল্লাশি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ছাত্রদের প্রতিটি হলে পুলিশ তল্লাশি চালিয়েছে। গতকাল রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্র হলে তল্লাশি অভিযান চালানো হয়। হলগুলো থেকে পুলিশ কোনো আগ্নেয়াস্ত্র না পেলেও বাঁশের লাঠি, টেঁটা, দা, রড, ক্রিকেট খেলার স্ট্যাম্প ইত্যাদি দেশি অস্ত্র উদ্ধার করে। ঢাকা জেলার পুলিশ সুপার মো. ইকবাল বাহারের নেতৃত্বে প্রায় ৫০০ পুলিশ সদস্য এতে অংশ নেন। এ সময় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমাম হোসেনসহ ঢাকা জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তল্লাশি অভিযান চলাকালে হলের প্রাধ্যক্ষ ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরাও উপস্থিত ছিলেন। প্রক্টর অধ্যাপক মো. আরজু মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশেষ নির্দেশে পুলিশ এ তল্লাশি চালায়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, ‘আগ্নেয়াস্ত্র কিংবা অন্য কিছুর বিষয়ে আমরা কিছুই জানি না। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়।’ সামগ্রিক বিষয়টি প্রশাসনই ভালো বলতে পারবে বলে তিনি জানান।