মধ্যস্বত্বভোগীদের দখলে পাটের বাজার
পাটের দাম কম থাকায় শরীয়তপুরের হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। উৎপাদন ব্যয় ওঠাতে না পেরে কৃষক ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। সরকারি পাট ক্রয়কেন্দ্রগুলো মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের দখলে চলে যাওয়ায় কৃষকের পাটের ন্যায্য দাম না পাওয়ার অভিযোগ উঠেছে। গত বছরের তুলনায় এ বছর ৩০ থেকে ৪০ শতাংশ কম দামে পাট বিক্রি করতে হচ্ছে কৃষককে।শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাট ব্যবসায়ী, পাট উৎপাদনকারী কৃষক ও বাংলাদেশ জুট মিল করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চলতি মৌসুমে শরীয়তপুরে ২৮ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ করা হয়েছিল। পাটের উৎপাদন হয়েছে দুই লাখ ৬৮ হাজার ১৬০ বেল। শরীয়তপুরে বাংলাদেশ জুট মিলস করপোরেশনের দুটি পাট ক্রয়কেন্দ্র রয়েছে।শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া, খোয়াজপুর; নড়িয়া উপজেলার ভোজেশ্বর, ওয়াপদা, ঘড়িষার; ভেদরগঞ্জ উপজেলার মোল্লারহাট, ভেদরগঞ্জ বাজার; ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজার ও গোসাইরহাট উপজেলার গোসাইরহাট বাজার পাট ক্রয়-বিক্রয়ের সবচেয়ে বড় হাট।পাটের ক্রয়-বিক্রয়মূল্য: চলতি মৌসুমে ভালো মানের তোষা পাট প্রতি মণ এক হাজার ২০০ থেকে এক হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। গত বছর এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়েছে। সাদা সুত পাট ৯০০ থেকে এক হাজার ৪০০ টাকা দরে প্রতি মণ বিক্রি হচ্ছে। গত বছর এক হাজার ৮০০ থেকে দুই হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। মেসতা প্রতি মণ বর্তমানে কৃষককে বিক্রি করতে হচ্ছে ৮০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। গত বছর এক হাজার ৭০০ থেকে দুই হাজার ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের শরীয়তপুরের দুটি ক্রয়কেন্দ্রে স্থানীয় মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছ থেকে পাট ক্রয় করা হয়। প্রতি মণ তোষা পাট সি গ্রেডের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৬৯০ টাকা। ডি গ্রেডের দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫৪০ টাকা। সি গ্রেডের সাদা সুত পাট এক হাজার ৩৯০ টাকা ও ডি গ্রেডের প্রতি মণের মূল্য এক হাজার ২৪০ টাকা। প্রতি মণ মেসতা সি গ্রেডের এক হাজার ২৪০ টাকা ও ডি গ্রেডের এক হাজার ৯০ টাকা। গত বছর এ পাট দুই হাজার থেকে দুই হাজার ৪০০ টাকা প্রতি মণ ক্রয় করা হয়েছে।শরীয়তপুরের বিভিন্ন হাটে পাট বিক্রি করতে আসা কৃষকেরা জানান, সরকারি পাট ক্রয়কেন্দ্রগুলোতে পাট বিক্রি করতে গেলে তারা বাকিতে কিনতে চায়। স্থানীয় কিছু ব্যবসায়ী সরকারি পাট ক্রয়কেন্দ্রে পাট সরবরাহ করেন। নিম্ন ও মধ্যম মানের পাট বিজেএমসির ক্রয়কেন্দ্রে নেওয়া হয় না। তখন সে পাট নামমাত্র মূল্যে ফড়িয়াদের কাছে বিক্রি করতে হয়। স্থানীয় বাজারে পাটের দাম কম থাকায় শুক্রবার ভোজেশ্বর বন্দরে পাট বিক্রেতা কৃষকেরা নিজেদের উৎপাদিত পাট পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন। গত মাসে পাটের মূল্যবৃদ্ধির দাবিতে কৃষকেরা ভেদরগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন। সরকারি পাট ক্রয়কেন্দ্রগুলোতে দাম কম থাকায় এবং নিম্ন ও মধ্যম মানের পাট ক্রয় না করার সুযোগে স্থানীয় কিছু ব্যবসায়ী কৃষকের দারিদ্র্যের সুযোগ নিয়ে কম দামে পাট কিনে রাখছেন। শরীয়তপুরের বিভিন্ন হাটবাজারের পাটের ব্যবসায়ীরা কম দামে পাট কিনে বেসরকারি মিলগুলোতে সরবরাহ করছেন। যশোরের আকিজ জুট মিল, সরদার জুট মিল, ফরিদপুরের সাইদ জুট মিল, নরসিংদীর উত্তরা জুট মিল, নারায়ণগঞ্জের লতিফ বাওয়ানি জুট মিল, করিম জুট মিল, খুলনার ক্রিসেন্ট জুট মিল ও খালিশপুর জুট মিলে এ অঞ্চলের ব্যবসায়ীরা পাট সরবরাহ করে থাকেন। নড়িয়া উপজেলার গাগরীজোড়া গ্রামের কৃষক দেলোয়ার হোসেন বলেন, ‘এ বছর পাটের দাম অনেক কম। পাট বিক্রি করে আমাদের উৎপাদন ব্যয় ওঠাতে পারছি না। বাজারে পাটের দাম কম থাকার প্রতিবাদে গত শুক্রবার এ অঞ্চলের কৃষকেরা ভোজেশ্বর হাটে পাট পুড়িয়েছি।’ ভেদরগঞ্জ উপজেলার কোড়ালতলী গ্রামের কৃষক আবুল হাশেম বলেন, গত বছর থেকে এ বছর ৬০০-৮০০ টাকা কম দামে প্রতি মণ পাট বিক্রি হচ্ছে। বিজেএমসির পাট ক্রয়কেন্দ্রগুলোতে কৃষকের কাছ থেকে নগদ টাকায় পাট কিনলে আরও ভালো দাম পাওয়া যেত। গত বছর পাটের ভালো দাম পাওয়ায় এ বছর কৃষক অনেক আগ্রহ নিয়ে পাটের আবাদ করেছিলেন। পাট বিক্রি করতে না পেরে উৎপাদন ব্যয় মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন বলে জানান তিনি।ভোজেশ্বর বন্দরের পাট ব্যবসায়ী হুমায়ুন মাদবর বলেন, বিজেএমসির পাট ক্রয়কেন্দ্রগুলোতে নিম্ন ও মধ্যম মানের পাট ক্রয় করা হলে কৃষক ভালো দাম পেতেন। বাংলাদেশ জুট মিলস করপোরেশনের সহব্যবস্থাপক (উৎপাদন) প্রশান্ত কুমার রায় বলেন, ‘চলতি বছর জুলাই মাস থেকে শরীয়তপুরে পাট ক্রয় শুরু হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ থাকায় ভালো মানের পাট ক্রয় করতে হচ্ছে। সব ধরনের পাট ক্রয় না করার ফলে কৃষক বিপাকে পড়েছেন। নগদ টাকায় পাট ক্রয় না করার ফলে কৃষক আমাদের কাছে পাট বিক্রি করতে অনীহা প্রকাশ করেন। বাধ্য হয়েই স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে আমাদের পাট ক্রয় করতে হয়।’