মন গলল মমতার, প্রণবকে সমর্থন দিলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে মন গলল মমতার। অনেক জল্পনা-কল্পনা, বাগিবতণ্ডা, অনুরোধ, আলোচনা, আপত্তির পর শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী প্রণব মুখার্জিকে সমর্থন দিয়েছেন। আজ মঙ্গলবার কলকাতায় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাত্কারে মমতা জানান, প্রণবকে সমর্থন দেওয়া ছাড়া তাঁর আর কোনো উপায় নেই। প্রণবকে সমর্থন দেওয়ার কারণ হিসেবে মমতা বলেন, যদি তাঁর দল তৃণমূল কংগ্রেস নির্বাচনে অনুপস্থিত থাকে, তাহলে ভোট নষ্ট হবে। তবে এখন এ কথা বললেও এর আগে প্রণবকে সমর্থন দেওয়ার ব্যাপারে কোনোভাবেই মন গলানো যায়নি মমতার। মমতা এই পদে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের নাম প্রস্তাব করেন। তবে উপরাষ্ট্রপতি পদে কারও নাম দিতে পারেননি তিনি। ভারতের কট্টরপন্থী রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি পদে প্রণবকে সমর্থন দিলেও রাজি করানো যায়নি মমতাকে। এমনকি সম্প্রতি প্রণবকে রাষ্ট্রপতি পদে সমর্থন দেওয়ার ব্যাপারে কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর নৈশভোজের আমন্ত্রণও প্রত্যাখ্যান করেন মমতা। কিন্তু হঠাত্ করেই ঘুরে দাঁড়ালেন মমতা। প্রণবকে সমর্থন দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সমর্থন দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি রাজনৈতিক। রাজনৈতিক কারণেই প্রণবকে সমর্থন দিলেন তিনি। টাইমস অব ইন্ডিয়া।