এই বিশ্বকাপে দর্শক ধারণক্ষমতায় ভারতের সবচেয়ে খর্বকায় মাঠ মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। কাগজে-কলমে ৩০ হাজার লোকের স্থান সংকুলান হলেও বিশ্বকাপের নিরাপত্তার তাগিদ সে সংখ্যাকে নিশ্চয়ই অনেক কমিয়ে এনেছে। অথচ ভাগ্যের ফের, এই মাঠটিকেই বুকে নিতে হচ্ছে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আগ্রহ ও উত্তেজনা সঞ্চারী সেমিফাইনালটিকে। ক্রিকেটের উপমহাদেশীয় ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও কাজ করছে নানা আবেগী অনুষঙ্গ। ম্যাচপূর্ব উৎকণ্ঠায় তাই শুধু দুই পক্ষের ক্রিকেটাররাই আক্রান্ত নন, তলপেটে প্রজাপতি উড়ছে কোটি কোটি সমর্থকের।নান্দনিক ক্রিকেটের পিপাসা নিয়ে অপেক্ষায় আছে ক্রিকেট বিশ্ব। জয়-পরাজয়ের বাইরেও যে এদিনের গর্ভে সুপ্ত আছে শৈল্পিক ক্রিকেটের খণ্ডচিত্র। ক্রিকেটের বাইরেও এ ম্যাচের কাছে দাবি অনেক। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে। ম্যাচ দেখতে তাঁরা আসবেন। এতে সেমিফাইনাল পেয়েছে নতুন মাত্রা। উপমহাদেশীয় শান্তির দাবিতেই দুই প্রতিবেশীর পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বিশ্বকাপের এ সেমিফাইনাল বিশেষ ভূমিকা রাখবে বলেই আশা। দিনের ফলাফল যা-ই হোক, মানবসম্প্রীতির ইতিহাস কামনা করছে, এ ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হোন শ্রী মনমোহন সিং।ভারত-পাকিস্তান ম্যাচের আগে সব সময়ই একটা ‘কেহ কারে নাহি ছাড়ে’ আবহ থাকে। তা দুই দলের শক্তিমত্তার সাম্প্রতিক অবস্থা যা-ই থাকুক না কেন, এবারও তেমনই হচ্ছে। এ কয়েক দিন ধরে প্রচুর আলোচনা হচ্ছে। বিশ্বকাপে এ পর্যন্ত পাকিস্তান ভারতের সঙ্গে কোনো ম্যাচ জেতেনি এবং ভারত খেলছে নিজের মাটিতে। এসব ভারতের পক্ষে যাচ্ছে। অন্যদিকে কে না জানে পাকিস্তান ক্রিকেট পরিসংখ্যানের আওতায় বিচার করার দল নয়। চরিত্রগতভাবেই তারা প্রবলভাবে অননুমেয়। এবারের বিশ্বকাপে ফেবারিটের তকমাটা ওরা কি অভাবনীয়ভাবে কেড়ে নিল! বিশ্বকাপে ভারতের সঙ্গে রেকর্ড খারাপ, তাতে সম্ভাব্য লড়াইটা হালকা হয়ে যাচ্ছে না। এটা যে সেমিফাইনাল, এর আগে এই দুদল এই পর্যায়ে কখনো মুখোমুখি হয়নি। এক ম্যাচ পরেই ফাইনাল। ভোজের গন্ধ পেলে ক্ষুধার্তরা মরিয়া হবেই। সুতরাং আজকের খেলাটির প্রতিদ্বন্দ্বিতা অনেক উচ্চমানের হবে বলেই আশা করা যায়। পাঞ্জাবের মাটি খুব বেশি বিদেশ-বিদেশ লাগবে না পাকিস্তানিদের। র্যাডক্লিফ মিশন তো আর প্রকৃতির স্বাদ-গন্ধ বদলে দিতে পারেনি। ভারত মনে হচ্ছে কোয়ার্টার ফাইনালের দলটাই রাখবে। পরিবর্তনের কারণ বা বিশেষজ্ঞ আলোচনা খুব একটা দেখছি না। অন্যদিকে পাকিস্তান দলে শোয়েব আখতারকে নেওয়ার জন্য জোর পরামর্শ দিচ্ছেন ইমরান খান, ওয়াসিম আকরাম, রমিজ রাজারা। তাঁদের অনুমোদনে যুক্তি আছে। মূল লড়াইটা তো হবে পাকিস্তানের আক্রমণের সঙ্গে ভারতের ব্যাটিংয়ের। এ লড়াইটাই মূলত ম্যাচের গতি-প্রকৃতি নির্ধারণ করে দেবে।আমরা যদি পাকিস্তানের আক্রমণ বনাম ভারতীয় ব্যাটিং একদিকে রাখি, আর ভারতীয় আক্রমণ বনাম পাকিস্তানি ব্যাটিং অন্যদিকে রাখি, তবে লড়াইয়ের মানে প্রথমটা অনেক ভারী এবং এটাই হবে মূলত ম্যাচ নির্ধারক। আক্রমণে শোয়েব যুক্ত হলে ভারতীয়দের ওপর চাপ বাড়াবে তাঁর গতি এবং সে কারণেই ওই পরামর্শ। তবে ওই পরামর্শ আফ্রিদি নেবেন কি না সন্দেহ আছে। আফ্রিদির তো ঠিক নেই। খোঁড়ানো সিংহের ওপর বাজি ধরলেও ধরতে পারেন। তাতে ভারতের লাভ বৈ ক্ষতি হবে না বলেই আমার ধারণা।মহেন্দ্র সিং ধোনির ধীরস্থির হিসাবি সিদ্ধান্তের বিপরীতে আফ্রিদির আক্রমণাত্মক অধিনায়কত্বও একটা আলাদা দ্বৈরথ হবে। অধিনায়কত্বের প্রভাবও প্রবলভাবে থাকবে ফলাফল নির্ধারণে। বিশেষ করে, সেমিফাইনালের চাপ নিয়ন্ত্রণে নেতৃত্বের অনেক দায় থাকে। বিশেষজ্ঞরা বলেছেন যে দল যত বেশি চাপের আওতার বাইরে থাকবে, তার দিকেই দিনের পাল্লা ঝুঁকবে। এ ম্যাচে দুই দলের ওপরই চাপ আছে। অনেক দূরে থেকে আমরাও বুঝতে পারি, ভারতের ওপরই চাপের ভারী ভারী বাটখারা। আফ্রিদির চাপ তুলনামূলকভাবে কম। দেখি, তিনি কতটা সুযোগ নিতে পারেন, না ধোনি বেরিয়ে আসেন ধ্যানমগ্ন সাধনায় সে চাপের বেড়াজাল কেটে। চলো মন দেখতে যাই মোহালি।