মন চায়নি, তাই মন্ত্রী হইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আমি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আওয়ামী লীগ আমার জীবন। দল আমাকে অনেক কিছু দিয়েছে। বঙ্গবন্ধুর কাছ থেকে যা পেয়েছি, তার কোনো তুলনা হয় না। বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে সারা জীবন কাজ করে যাব। আমার মন চায়নি, তাই আমি মন্ত্রী হইনি। মন্ত্রিত্ব আমার কাছে কোনো বড় বিষয় নয়। বিএনপি রাজনৈতিক কোনো ইস্যু পাচ্ছে না, তাই মন্ত্রিত্ব নেওয়া না-নেওয়া নিয়ে রাজনীতি করছে।’ গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমির পক্ষে আজ সোমবার বিকেলে এক নির্বাচনী জনসভায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন। দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রাণীগঞ্জ বাজারে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। তোফায়েল আহমেদ এ উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর প্রধান সমন্বয়কারী।তোফায়েল আহমেদ আরও বলেন, ‘রাজনীতি করলে মন্ত্রী হতে হবে, এমন কোনো কথা নেই। উপনির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে এ উপনির্বাচন পরিচালনা করবে। সরকার তাতে সর্বাত্মক সহায়তা করবে। আমরা এখানে সভা করতে এসেছি আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসেবে। আমাদের গাড়িতে পতাকা নেই এবং কোনো পুলিশ প্রটেকশন নেই।’দূর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিনোদ সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক, শিশু ও মহিলাবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোমতাজ উদ্দিন মেহেদী, কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি ও কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আক্তারুজ্জামান প্রমুখ। প্রার্থীদের গণসংযোগ: এর আগে সিমিন হোসেন রিমি সকাল থেকে তাঁর ‘নৌকা’ প্রতীকের পক্ষে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোট বাজালিয়া, বড়পুশিয়া, চাঁদপুর বাজার, ধরপাড়া, চামুরখি, ভাকোয়াদী, তিলশুনিয়া, কাজাহাজি এলাকায় গণসংযোগ করেন।গণসংযোগে সিমিন হোসেন রিমি বলেন, ‘আমি আপনাদের পাশে ছিলাম, আছি। আগে ছোট পরিসরে দায়িত্ব পালন করেছি; এখন বড় পরিসরে আপনাদের জন্য কাজ করতে চাই।’ নৌকায় ভোট দিয়ে তাঁকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান তিনি। রিমির চাচা সাবেক প্রতিমন্ত্রী আফসার উদ্দীন আহমদ খান আজ সকাল থেকে তাঁর ‘মোরগ’ প্রতীকের পক্ষে উপজেলার বটতলা মোড়, সিংহশ্রী বাজার, বড়িবাড়ী, সোহাগপুর, কপালেশ্বর, নামিলা, কাজলদীঘি, বড়টেক, কুড়িয়াদী, বিবাদিয়া এলাকায় গণসংযোগ করেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রার্থী আসাদুল্লহ বাদল আজ উপজেলার তরগাঁও এবং রায়েদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও প্রচারণায় অংশ নেন। তিনি মৈশন, খালের ঘাট, বাঘেরহাট, দরদরিয়া, দরগাবাজার, জলপাইতলা, বারাব বাজারসহ বিভিন্ন এলাকায় তাঁর ‘কাস্তে’ প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেন।