মন মাতানো মহুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাত্ করেই দেখা হলো। সোহরাওয়ার্দী উদ্যান, যেটিকে এখন আর উদ্যান বলার কোনো মানেই হয় না—অসমাপ্ত নির্মাণ, অজস্র জঞ্জাল আর চটপটির দোকানপাটে বিদঘুটে পরিবেশ, সেখানেই। দক্ষিণ পশ্চিম পাশে যে উন্মুক্ত মঞ্চটি রয়েছে, দাঁড়িয়ে আছে তার কোনায়। মাঝারি গড়ন, বয়সে নবীনই বলা ভালো। মহুয়াগাছ। সেদিন উদ্যানের হালহকিকত দেখতে গিয়ে চোখে আটকে গেল মহুয়ার নতুন কচি পাতায় ভরা গাছটির দিকে। চৈত্রের খর রোদে ঝলমল করছিল শাখায় শাখায় ঘন-সন্নিবেশিত কোমল পাতাগুলো। পাতার তলায় থোকায় থোকায় ঝুলে আছে কোরকগুচ্ছ। কোনো কোনোটিতে ফুটেছে হালকা ঘিয়ে রঙের টসটসে ফুল। গাছের তলায় ঝরে পড়ছে একটি-দুটি। চারপাশটায় ছড়িয়ে পড়েছে তার ঘ্রাণ।মহুয়াগাছ সচরাচর চোখে পড়ে না। তবে তার নাম শুনলেই অনেক চেনা গানের সুর আমাদের মনে গুনগুনিয়ে ওঠে নজরুলের ‘কুহু কুহু কুহু কোয়েলিয়া কুহুরিল মহুয়া বনে’, শচীন কর্তার গাওয়া ‘মহুয়ায় মাতায় ঢোলক’ কিংবা ইদানীংকার ভূমির ‘ফাগুনের মোহনা মন মাতানো মহুয়ায়’—এমন আরও অনেক। আর সেই সঙ্গে এমন একটা ছবিও ভেসে আসে মনে—ধবল জ্যোত্স্নার আরণ্যক চৈতালি রাত। মহুয়া ফুলের নির্যাস পানের মদির আনন্দে মেতেছে আদিবাসীরা। ঢোল-মাদলের বোলে ভেঙে গেছে নৈঃশব্দ্য। গাছের পাতার ফাঁক দিয়ে জ্যোত্স্নার কিরণ এসে মাটিতে এঁকেছে আলো-ছায়ার স্বপ্নময় ছবি। সেখানে বসে এক অনির্বচনীয় সুরের মূর্ছনায় রাতকে বাঙ্ময় করে তুলেছে তারা। কিন্তু এমন দৃশ্য এখন শুধু কল্পনাতেই মানায়। সেই মহুয়া বনও নেই, আদিবাসীদের জীবনযাত্রাও এখন বহুমাত্রিক সংকটে জেরবার। তদুপরি অপ্রত্যাশিতভাবে দেখা পাওয়া মহুয়াগাছটির দিকে তাকিয়ে এসবই মনে পড়ল। মনে পড়ল, কবিগুরু হয়তো মহুয়ার বড় অনুরাগী ছিলেন, নয়তো মহুয়া নামে তাঁর একটি কাব্যগ্রন্থের নামই বা রাখবেন কেন। বাংলা কাব্যে, সংগীতে, সাহিত্যে মহুয়া-বন্দনা প্রচুর।মহুয়া সম্পর্কে দ্বিজেন শর্মা তাঁর শ্যামলী নিসর্গ বইতে জানিয়েছেন, এটি মধ্যভারতের আদি বাসিন্দা। বৈজ্ঞানিক নাম Madhuka indica। শুষ্ক অঞ্চলের গাছ হলেও আমাদের আর্দ্র কোমল আবহাওয়াতেও বেশ ভালো জন্মায়। অনেক বড় আকারের গাছ। ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত লম্বা হয়। পাতা ডিম্বাকার। অনেকটা কনকচাঁপা ফুলের পাতার মতো। বৃন্ত ছোট। শীতে সব পাতা ঝরে যায়। তখন গাছটিকে নিঃস্ব-রিক্ত মনে হয়। তবে বসন্তের শুরু থেকেই যখন কচি পাতায় শাখাগুলো ভরে ওঠে আর তামাটে রঙের লম্বা সুচালো কলিগুলো সেই পাতার তলায় দুলতে থাকে, দমকা হাওয়ায় হাওয়ায় মহুয়াগাছের সেই শোভা তখন মন ভরিয়ে দেয়। ফুলগুলো রসাল। স্বাদ অম্লমধুর। ফুলের নির্যাসে মাদকতা আছে। এর নির্যাস আদিবাসী, বিশেষত সাঁওতালদের প্রিয় পানীয়। বন্য প্রাণীরাও মহুয়ার এই মাদকতাময় ফুলের দারুণ ভক্ত। ভালুক, শিয়াল, হরিণ বসন্তে মহুয়াতলায় এসে জোটে। এর ধূসর রঙের ছাল প্রায় আধা ইঞ্চি পুরু। সুপারির মতো আকারের ফল হয় মহুয়ার বসন্তের শেষে। বীজ থেকে পাওয়া যায় তেল। কাঠ দারুণ শক্তপোক্ত।ভেষজ গুণেও মহুয়া অত্যন্ত সমৃদ্ধ। তিব্বিয়া হবিবিয়া কলেজের অধ্যক্ষ হাকিম ফেরদৌস ওয়াহিদ জানালেন, মহুয়ার পাতা, বাকল, ফুলের নির্যাস ও তেলের বীজ নানা রোগের চিকিত্সায় বহুকাল থেকে ব্যবহূত হয়ে আসছে। মৌসুমি সর্দি কাশি, অগ্নিমান্দ্য, আন্ত্রিক রোগ, অর্শ, বাত-ব্যথা, মাথার ব্যথা—এসবের নিরাময়। তা ছাড়া পুরোনো ক্ষত ও কীট দংশনেও বিষ-ব্যথানাশক। সাঁওতালেরা মশার যন্ত্রণা, কীটপতঙ্গের দংশনের ক্ষেত্রে মহুয়া বীজের তেল ব্যবহার করে থাকে। তা গুণ যতই থাক, গাছটিকে তো পেতে হবে নাগালে। প্রায় দুর্লভ হয়ে ওঠা মহুয়া ফিরতে পারে সামাজিক বনায়ন বা ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণের ক্ষেত্রে তাকে নির্বাচনে।