উত্তমের গানের গলা চমৎকার। মাকে নিয়ে গান করছিল সে ‘যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম/ একলা শূন্য ঘর/ তোমায় মনে পড়ে মা গো, তোমায় মনে পড়ে...।’ উত্তমের ঘরে রেফ্রিজারেটর নেই, টিভি নেই, রেডিও নেই, এমনকি বৈদ্যুতিক বাতিও নেই। আছেন তার মা। এই মা-ই তার গর্ব। তার আলো। উত্তমের মা চন্দনা রানী খুব বিখ্যাত কেউ নন। তিনি দিনমজুরিতে মাঠে কৃষাণীর কাজ করেন। সে-ও মাঠে যায় মায়ের কাজে সাহায্য করতে। বাবা অনেক দিন থেকে শয্যাশায়ী। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে রোজ পাঁচ-ছয় ঘণ্টার কাজ। তাই প্রতিদিন নিয়মিত স্কুলে যাওয়া হয়ে ওঠেনি ওর। কিন্তু তা হলে কী হবে। মায়ের স্বপ্ন, ছেলে একদিন অনেক বড় হবে। সে জন্যই তো তাঁর এত পরিশ্রম। উত্তম চেষ্টা করে যাচ্ছে। সেই স্বপ্ন বাস্তবায়নের সুকঠিন পথে সফল্যের একধাপ এগিয়েও গেছে সে। এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার উত্তম কুমার সরদার।আইলার আঘাতে উত্তমদের ঘরবাড়ি ভেসে গিয়েছিল। আশ্রয় নিয়েছিল তারা পানি উন্নয়ন বোর্ডের বাঁধের ওপর। দিনে মাঠে কাজ করে রাতে যে পড়বে, সে উপায়ও কি আছে? ঘরে আলো নেই। আশপাশের লোকেরা এই মেধাবী ছাত্রটির কথা জানতেন। তাঁরাই একটি চার্জার বাতি কিনে দিয়েছিলেন। সেই আলোতেই তার পড়ালেখা। গতকাল শনিবার প্রথম আলো ট্রাস্ট আয়োজিত অদম্য মেধাবীদের সংবর্ধনা অনুষ্ঠানে উত্তম মাকে নিয়ে গানটি গেয়ে যখন বলছিল, ‘আমার মায়ের মতো মা যেন সবার ঘরে ঘরে থাকে’, তখন এক অব্যক্ত ভাবাবেগে চোখের কোল ভিজে উঠেছিল অনেকেরই।উত্তমের মতোই দারিদ্র্যের নিষ্ঠুর কশাঘাতে জর্জরিত, দেশের প্রত্যন্ত অঞ্চলের অজ্ঞাত-অখ্যাত পরিবারের যেসব ছেলেমেয়ে শুধু অতুলনীয় মনোবল আর মেধার শক্তিতে সব প্রতিবন্ধকতাকে পরাজিত করে উঠে এসেছে দেশসেরা কৃতী শিক্ষার্থীদের কাতারে, তাদেরই সংবর্ধনার আয়োজন করেছিল প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলো এই শিক্ষার্থীদের সম্মানিত করেছে ‘অদম্য মেধাবী’ অভিধায়। সংবর্ধিত করেছে আনুষ্ঠানিকভাবে। তাদের সংগ্রামের স্বীকৃতি দিয়েছে পদক দিয়ে। সহূদয় সজ্জনদের সঙ্গে নিয়ে তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ভবিষ্যৎ জীবনের পথে এগিয়ে চলতে। ঢাকার কারওয়ান বাজারের সিএ ভবনের দশম তলার মিলনায়তনে এবারের অদম্য মেধাবী সংবর্ধনায় অংশ নিয়েছিল এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ৫০ শিক্ষার্থী এবং এইচএসসিতে জিপিএ-৫সহ বিশেষ কৃতিত্ব অর্জনকারী ২৯ জন। অনুষ্ঠানটি নিছক সংবর্ধনাই ছিল না, বরং গতকালের দিনটি ছিল তাদের জীবনসংগ্রামের কাহিনিতে উদ্দীপ্ত হয়ে ওঠার দিনও।সকাল নয়টায় নাম নিবন্ধনের মধ্য দিয়ে শুরু হয়েছিল সংবর্ধনার কার্যক্রম। এসএসসির বেশির ভাগ অদম্য মেধাবীরই এই প্রথম ঢাকায় আসা। তাদের কারো সঙ্গে বাবা, শিক্ষক বা অন্য কোনো আত্মীয়। রাতে রওনা দিয়ে ভোরে ঢাকায় নেমে সোজা চলে এসেছেন প্রথম আলোর কার্যালয়ে। তাই প্রাতরাশের ব্যবস্থা রাখা ছিল। সেই পর্ব সম্পন্ন হলে অনুষ্ঠান শুরু। সঞ্চালক ফিচার সম্পাদক সুমনা শারমীন অদম্যদের অভিনন্দন জানিয়ে বললেন, ‘প্রথম আলো যত অনুষ্ঠানই করে না কেন, এই আয়োজনকে আমরা মনে করি প্রাণের আয়োজন। এতে কোনো বাহ্যিক জাঁকজমক থাকে না বটে, কিন্তু এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরাই আয়োজনটিকে মানবিক মহিমায় উজ্জ্বল করে তোলে।’ অদম্য মেধাবীদের সংবর্ধনার প্রেক্ষাপট তুলে ধরেন সহকারী বার্তা সম্পাদক এম এ ওয়ারেছ।এসএসসিতে গ্রেডিং পদ্ধতি চালু হওয়ার পর থেকে দেখা যাচ্ছিল, দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত পরিবারের বহু শিক্ষার্থী কঠিন প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সাফল্যের সোনালি শিখর ছুঁয়েছে। তাদের এসব সংগ্রামের কাহিনি প্রথম আলোয় প্রকাশিত হয়েছে। এবং তখন থেকেই তাদের জন্য কিছু করার তাগিদও তৈরি হয়েছিল ভেতরে ভেতরে। দেশের ও দেশের বাইরে থেকেও অনেক সহূদয় ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের সহায়তা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। ২০০০ সাল থেকে বিচ্ছিন্নভাবে কিছু কিছু দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সহায়তা দিতে শুরু করে প্রথম আলো। পরে তাদের ‘অদম্য মেধাবী’ অভিধায় ভূষিত করে ২০০৭ সাল থেকে প্রথম আলো এবং ২০০৯ সাল থেকে প্রথম আলো ট্রাস্ট সাংগঠনিকভাবে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়। ২০০৭ সালে ২০ জন অদম্য মেধাবীকে দুই বছরের জন্য পড়ালেখার জন্য মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা, ভর্তি ও অন্যান্য ক্ষেত্রে সহায়তা করা হয়। পরের বছর সহায়তা দেওয়া হয় ২৯ জনকে। ২০০৯ সালে দেওয়া হয় ৪২ জনকে। এ বছর দেওয়া হলো ৫০ জনকে। এ কাজে সহায়তা দিতে এগিয়ে এসেছে ট্রান্সকম গ্রুপ, সামিট গ্রুপ ও বিজ্ঞাপনী সংস্থা ম্যাডেনা। এ বছর সংযুক্ত হলো ব্র্যাক ব্যাংক।এবারের অনুষ্ঠানের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, এসএসসির অদম্য মেধাবীদের সহায়তা দেওয়ার সঙ্গে আগের অদম্য মেধাবীদের মধ্যে এবার যাঁরা এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন এমন ১৬ জন এবং জিপিএ-৫-এর কাছাকাছি গ্রেড পেয়েছেন এমন ১৩ জন, মোট ২৯ জনকে পদক দিয়ে সংবর্ধনা জানানো। এ ছাড়া অদম্য মেধাবীদের সহায়তার আওতা বাড়ানো হয়েছে। শুধু এইচএসসিতে অদম্যদের যারা জিপিএ-৫ পাবে, তারা যত দূর উচ্চশিক্ষা গ্রহণ করতে চায়, এমনকি তারপর ভবিষ্যতে কর্মজীবন পর্যন্ত সম্ভবপর সহায়তার ঘোষণাও দেওয়া হয়েছে অনুষ্ঠানে। এইচএসসির পর অদম্য মেধাবীদের সঙ্গে এই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাক, তা চায় না প্রথম আলো। তাদের ভবিষ্যতের পথচলা একটু সহজ করে দিতে এই উদ্যোগ তাদের জীবনের সব পর্যায়ে টিকে থাকুক, সে জন্যই এই নতুন উদ্যোগ। এতে সহায়তা দিতে সম্মত হয়েছে ব্র্যাক ব্যাংক।অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, এই অনুষ্ঠান ‘বর্ণনা করার মতো নয়। এই মুহূর্ত অনুভব ও উপলব্ধি করার’। তিনি অদম্যদের উৎসাহ দিয়ে বলেন, ‘দারিদ্র্যের জন্য হীনম্মন্যতার কোনো কারণ নেই। মেধা এবং একমাত্র মেধাই মানুষের শ্রেষ্ঠ সম্পদ। সেই সম্পদে তোমরা ঐশ্বর্যবান। সমাজে যে বৈষম্য রয়েছে, তোমরা তার শিকার। এই বৈষম্য আমাদেরই সৃষ্টি। মেধাভিত্তিক সমাজ গঠনের মধ্য দিয়ে এই বৈষম্য ঘুচিয়ে দিতে তোমরা ভবিষ্যতে কাজ করবে।’ প্রথম আলোকে এই অনন্য উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জানান।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী অদম্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘তোমাদের দায়িত্ব শেষ হচ্ছে না, বরং এখন থেকেই শুরু। তোমরা পারো তা প্রমাণ করেছ। শিক্ষা পেলেই কেউ আলোকিত মানুষ হয় না। তোমাদের আলোকিত মানুষ হতে হবে। তোমরা মাদককে “না” বলবে, ইভ টিজিং, সন্ত্রাসের পথে যাবে না। তথাকথিত শিক্ষিত সমাজের মধ্যে যে অবক্ষয়, তা যেন তোমাদের স্পর্শ না করে। আমরা তোমাদের দিকে তাকিয়ে আশাবাদী হয়েছি। তোমরাই পারবে সুন্দর সমাজ নির্মাণে এগিয়ে আসতে।’ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, ‘প্রথম আলোর এই উদ্যোগের সঙ্গে জড়িত হতে পেরে আমরা আনন্দিত। তোমাদের শিক্ষাজীবন যত দিন চলবে, আমরা তত দিন তোমাদের সঙ্গে থাকতে চাই। শুধু বই থেকে নয়, জীবন থেকে তোমরা শিক্ষা নেবে। আমাদের বিশ্বাস, সমাজ একদিন তোমাদের কাছ থেকে শিক্ষা নেবে।’ম্যাডোনার চেয়ারম্যান আখতারুজ্জামান শিক্ষার্থীদের পরামর্শ দিয়ে বলেন, ‘অন্তরে সত্যকে ধারণ করবে। যা বিশ্বাস করবে, তা বলবে এবং কাজে পরিণত করবে। তাহলেই জীবনে সব প্রতিবন্ধকতা অতিক্রম করে সফল হতে পারবে।’ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘তোমরা যে কষ্টের মধ্যে পড়ালেখা করে এমন সাফল্য অর্জন করেছ, তা আমাদের আশাবাদী করেছে। তোমরাই দেশের ভবিষ্যৎ। ট্রান্সকম গ্রুপ তোমাদের সহায়তা করেতে পেরেছে, এ জন্যই আমরা গর্বিত।’বুয়েটের শিক্ষক ড. কায়কোবাদ, নজরুল ইসলাম, মেঘনাদ সাহা, স্যার আইজাক নিউটনের উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের বলেন, ‘তাঁরাও তোমাদের মতো দারিদ্র্যকে জয় করে জীবনে সফল হয়েছিলেন। তোমাদের পড়ালেখা চালিয়ে যেতে হবে। ঝরে পড়া চলবে না। যেতে হবে অনেক দূর। মরুভূমিতে যেমন মরূদ্যান থাকে, তেমনি তোমাদেরও প্রতিকূলতার মরুভূমিতে সাফল্যের মরূদ্যান হয়ে উঠতে হবে।’ প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান ও সামিট গ্রুপের প্রধান আজিজ খান বলেন, ‘বাংলাদেশের ভবিষ্যৎ যে ভালো, তোমরাই তার প্রমাণ। আমরা যা চিন্তা করতে পারিনি, তোমরা নিশ্চয়ই দেশকে সেই জায়গায় নিয়ে যেতে পারবে।’প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান অদম্যদের বলেন, ‘তোমাদের সাহস, উদ্দীপনা, তোমাদের মর্মস্পর্শী জীবনসংগ্রামের কাহিনি দেখে আমরা নিজেরা অনুপ্রাণিত হই। সারা দেশের মানুষ আশাবাদী হয়। তোমাদের সাফল্য দিয়েই আমরা বাংলাদেশকে দেখিয়ে দিতে চাই, কেবল সম্পন্নরাই নয়, সম্পদহীন সুবিধাবঞ্চিতরাও অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে।’ অদম্য মেধাবীদের সহায়তা করতে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান হাত বাড়িয়ে দিয়েছে, তিনি তাঁদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।অনুষ্ঠানটি অবশ্য এমন একটানা বক্তৃতায় ক্লান্তিকর ছিল না। অতিথিরা তাঁদের কথা বলেছেন। তবে এর ফাঁকে ফাঁকে সঞ্চালক তুলে ধরেছেন একেকজন অদ্যমর জীবনসংগ্রামের কাহিনি। কখনো তাদের হাতে মাইক্রোফোন তুলে দিয়ে জানতে চেয়েছেন তাদের কেমন লাগছে এই আয়োজন। কখনো তাদের ডেকেছেন মঞ্চে। তাদের কেউ গান শুনিয়েছে, কেউ বলেছে তার আগামী দিনের স্বপ্নের কথা, যেসব কথা চারপাশে জমে ওঠা হতাশা ও নেতিবাচকতার মধ্যে একঝলক অনাবিল আলোর মতো আশার উন্মেষ জাগিয়েছে সবার বুকে। এরই এক ফাঁকে শিল্পী মাহমুদুজ্জামান বাবু এসে শুনিয়ে গেছেন রবীন্দ্রসংগীত ‘শুভ কর্ম পথে ধর নির্ভয় গান’, গেয়েছেন, ‘আমি বাংলার গান গাই...।’ আর প্রথম আলো বন্ধু সভার বন্ধুরা সংগীত, নৃত্য, আবৃত্তিতে আনন্দঘন করে তুলেছিলেন অনুষ্ঠানের পরিবেশ। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম মঞ্চে নিয়ে এসছেন অদম্যদের। তাদের পদক পরিয়ে দিয়েছেন অতিথিরা। তাদের হাতে তুলে দেওয়া হয়েছে উপহার। এর মধ্যে সময়ও গড়িয়েছে। আয়োজন ছিল মধ্যাহ্নভোজের। তারপর বিদায় নেওয়ার পালা। কিন্তু অদম্যরা জেনে গেছে, এই যাওয়া চলে যাওয়া নয়। এই যাওয়া আগামী দিনের সংগ্রামে আরও গভীর প্রত্যয়ী হয়ে ওঠার, নিবিড় মানবিকতার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যই প্রস্তুতি নিতে যাওয়া।