গ্রীষ্মের তপ্ত দিনের শেষে মন ছুঁয়ে যাওয়া মরমি গানের আসর ছিল গতকাল শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে। ভাটি অঞ্চলের প্রথিতযশা বাউলসাধক শাহ আবদুল করিমের গান নিয়ে এই সংগীতসন্ধ্যায় শ্রোতাদের সামনে এসেছিল মন্দিরা শিল্পীগোষ্ঠী। শাহ আবদুল করিমের গানের ভুবন বৈচিত্র্যময়। তাতে যেমন রয়েছে গভীর আধ্যাত্মিক চেতনার গান; প্রণয়, বিরহ-বিচ্ছেদের গান, তেমনি রয়েছে গণসংগীত, দেশাত্মবোধক গানও। অনুষ্ঠান শুরু হয়েছিল সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান ‘আমি বাংলা মায়ের ছেলে’র পরিবেশনা দিয়ে। বাংলাদেশ সংগীতসংগঠন সমন্বয় পরিষদ দর্শনীর বিনিময়ে নিয়মিত পাক্ষিক গানের আসরের ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পীরা একক ও সম্মেলক কণ্ঠে শাহ আবদুল করিমের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান। গানগুলোর মধ্যে ছিল—‘মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাই’, ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’, ‘তোমার কুঞ্জ সাজাও গো’, ‘বন্ধে মায়া লাগাইছে’, ‘গাড়ি চলে না চলে না’, ‘বসন্ত বাতাসে সই গো’, ‘কোন মিস্তরি নাও বানাইলো’, গ্রামের নওজোয়ান’, ‘কেমনে ভুলিব আমি’, ‘তুমি বিনে আকুল পরান’সহ আরও বেশ কিছু গান। শিল্পীদের মধ্যে ছিলেন তোয়াজ উদ্দিন বিশ্বাস, জালাল উদ্দিন পালোয়ান, বজলুর রহমান, মাসুদ রানা, রুনা, হ্যাপী, তানহা, লাবণী প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ও মন্দিরা শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক তোয়াজ উদ্দিন বিশ্বাস। উত্তম কুমারের একক চিত্রকলা প্রদর্শনীবেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের আয়োজনে আজ শুক্রবার থেকে ইতালিপ্রবাসী শিল্পী উত্তম কুমার কর্মকারের ‘অনুভূতি, ভালোবাসা ও শিল্প’ শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী শুরু হচ্ছে। সন্ধ্যায় ১২ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বাংলাদেশে ইতালির রাষ্ট্রদূত জর্জিও গুইলিয়েলমিনো। বিশেষ অতিথি থাকবেন শিল্পী হাশেম খান।গতকাল দুপুরে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পী উত্তম কুমার কর্মকারের প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরেন বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী।এতে জানানো হয়, প্রদর্শনীতে মোট ৫২টি চিত্রকর্ম রয়েছে। খোলা থাকবে আগামী ১ মে পর্যন্ত।শিল্পী উত্তম কুমার কর্মকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৮৬ সালে বিএফএ ডিগ্রি লাভ করেন। পরে ২০০৫ সালে ইতালির রোমের একাডেমি অব ফাইন আর্টস থেকে পেইন্টিং প্রথম পর্ব এবং ২০০৮ সালে ইতালির মাশেরাতার একাডেমি অব ফাইন আর্টস থেকে পেইন্টিং দ্বিতীয় পর্ব ডিগ্রি লাভ করেন। এ পর্যন্ত তাঁর ১৫টি একক প্রদর্শনী আয়োজিত হয়েছে এবং বহু দলবদ্ধ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন।মিরসরাইয়ে বৈশাখী মেলা ও বলীখেলামিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, মিরসরাইয়ে দুই দিনব্যাপী বৈশাখী মেলা ও বলীখেলা আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। সকালে উপজেলার বড়তাকিয়া সমমনা সংঘের আয়োজনে খইয়াছড়া উচ্চবিদ্যালয় মাঠে এর উদ্বোধন করবেন বিআরটিসির পরিচালক শেখ আতাউর রহমান। সমমনা সংঘের সভাপতি মাহফুজুর রহমান জানান, মেলায় বলীখেলা ছাড়াও কাবাডি, শৈর খেলা এবং গ্রামীণ জনপদ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া পণ্যসামগ্রী বিভিন্ন স্টলে প্রদর্শনী করা হবে। বলীখেলায় অংশ নেবেন চট্টগ্রামের লালদীঘি মাঠে খেলায় অংশ নেওয়া সাহাবুদ্দীন বলীসহ নামকরা কয়েকজন বলী।সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে থাকবে পুঁথিপাঠ, জারিগান, বিয়ের গান, বাউলগান প্রভৃতি।