মনজুর গেলেন মহিউদ্দিনের বাসায়, বৈঠকও হয়েছে
চট্টগ্রামে নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মনজুর আলম আজ মঙ্গলবার সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে দেখা করতে তাঁর চশমা হিলের বাসায় যান। বর্তমান ও সাবেক মেয়র সকাল সাড়ে ১০টা থেকে সোয়া ১১টা পর্যন্ত একটি বৈঠকও করেছেন। বৈঠক শেষে বেরিয়ে এসে মনজুর আলম সাংবাদিকদের বলেন,‘মহিউদ্দিন চৌধুরীর কাছে আমি নগরের উন্নয়নকাজে সহযোগিতা চেয়েছি। তিনি আমাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আমরা আলোচনা করেছি।’ সাবেক মেয়র তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলে জানান বর্তমান মেয়র। মহিউদ্দিন চৌধুরী বৈঠক শেষে বাইরে আসেননি। তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথাও বলেননি। তবে তাঁর ছেলে চৌধুরী মহিবুল হাসান জানিয়েছেন, দুই নেতা আন্তরিক পরিবেশে নগরের উন্নয়নের বিষয়ে আলোচনা করেছেন। নগরের উন্নয়নে বর্তমান মেয়রের উদ্যোগ ও কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তাঁর বাবা।