মনজুরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মহিউদ্দিনের অভিযোগ
বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থী এম মনজুর আলমের বিরুদ্ধে আজ শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনে তিনটি লিখিত অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী। অভিযোগের মধ্যে আছে বিদ্যুত্ চুরির দায়ে মনজুর আলম আদালতে দণ্ডিত হওয়া, গ্যাস চুরির কারণে জরিমানা দেওয়া আর খালেদা জিয়ার সঙ্গে ফোনে কথা বলায় আচরণবিধি লঙ্ঘন করা। তাই মনজুরের মনোনয়নপত্র বৈধ কি না তা খতিয়ে দেখতে মহিউদ্দিন চৌধুরী নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান। আজ দুপুরে নন্দনকাননে অবস্থিত নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী এসব অভিযোগ তুলে ধরেন এবং নির্বাচন কমিশনের কাছে চিঠি দেওয়ার কথা জানান।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আতাউর রহমান খান কায়সার, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমীর হোসেন আমু, সাংসদ মোশাররফ হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নূহ আলম, কেন্দ্রীয় সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। মহিউদ্দিন চৌধুরীর অভিযোগ, নিজের মালিকানাধীন সিমেন্ট কারখানায় বিদ্যুত্ চুরির দায়ে ২০০৭ সালে ১৮ লাখ টাকা জরিমানা দেন মনজুর আলম। এর আগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। বিদ্যুতের মিটার কারসাজি (টেম্পারিং) করে মনজুর সাহেব এই বিদ্যুত্ চুরি করেছিলেন। একইভাবে বাখারাবাদ গ্যাস সিস্টেমের গ্যাস চুরির অভিযোগে মনজুর আলমের অন্য একটি প্রতিষ্ঠান ৩২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা দিয়েছেন। ১৯৯৯ সালের ৩০ জানুয়ারি মনজুরের এই জরিমানা হয়। মহিউদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলনে আরও বলেন, মনজুর সাহেব আদালতের মাধ্যমে দণ্ডিত হয়ে জরিমানা দিয়েছেন। তাই তিনি অপরাধী। অথচ তিনি ভালো মানুষ বলে প্রচার চালানো হচ্ছে। আদালতে দণ্ডিত অপরাধী ব্যক্তির মনোনয়নপত্র বৈধ কি না তা নির্বাচন কমিশন দেখবে। এসব অভিযোগের ব্যাপারে নির্বাচনে রিটানিং কর্মকর্তা জেসমিন টুলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অফিসের বাইরে আছেন বলে জানান। সহকারী রিটানিং কর্মকর্তা দুলাল তালুকদার বলেন, বিষয়টি আমার জানা নেই।