মনতাজের ভুভুজেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনতাজ মোল্লা মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বসে হরেক রকম বাঁশি বিক্রি করেন। প্রতিদিন বিকেলে এখানে বসেন। বেচাবিক্রি করেন রাত ১২টা পর্যন্ত। বিকেল থেকে নানা বয়সী মানুুষ স্টেডিয়াম দেখতে আসে।মনতাজ মোল্লা ভুভুজেলাসহ নানা রকম বাঁশি চকবাজার থেকে কিনে আনেন। তিনি জানান, বিশ্বকাপ ফুটবলের পর আফ্রিকা থেকে ভুভুজেলা ঢাকায় আসে। এগুলো এখন জিনজিরায় তৈরি হচ্ছে। এই ভুভুজেলা নানা আকারের হয়ে থাকে। দাম ২০ টাকা থেকে ১৫০ টাকা পর্যন্ত।মনতাজ মোল্লা জানান, ১০ টাকায় যে ভুভুজেলা কিনেছেন, সেটা ৩০ টাকায় বিক্রি করছেন। যেটা ৫০-৬০ টাকায় কিনেছেন, সেটা বিক্রি করছেন ১০০-১৫০ টাকায়। বিকেল তিনটা থেকে রাত ১২টা পর্যন্ত বিক্রি করলে ৪০০-৫০০ টাকা লাভ থাকে। বাঁশি বিক্রির লোক বেশি হয়ে যাওয়ায় ভুভুজেলা বেশি বিক্রি করা যাচ্ছে না বলে জানান মনতাজ।তিনি সারা বছর রিকশা চালান। এখনো সকালের দিকে রিকশা চালান। শুধু বিকেলে ভুভুজেলা বিক্রি করছেন মনতাজ। মনতাজ মোল্লার দেশের বাড়ি নোয়াখালীতে। ঢাকায় এসেছেন ১৫ বছর আগে। নোয়াখালীর বেগমগঞ্জে মানুষের বাড়িতে বছর চুক্তিতে কামলার কাজ করেছেন ২০ বছর। মনতাজ জানান, শেষবার যাঁর বাড়িতে কাজ করতেন, তিনি ছিলেন সচ্ছল কৃষক, নাম আব্বাস আলী ভূঁইয়া। প্রথম পক্ষের স্ত্রীর কোনো সন্তান না থাকায় দ্বিতীয় বিয়ে করেন প্রায় ৭৫ বছর বয়সে। দ্বিতীয় বিয়ের তিন বছর পর খুন হন আব্বাস আলী। সেই বাড়িতে কাজ করতেন বলে পুলিশ মনতাজ মোল্লাকে ধরে নিয়ে যায়। পরে প্রমাণিত হয়, আব্বাস আলীর দ্বিতীয় স্ত্রীর প্রেমিকই আব্বাস আলীকে খুন করেন। এই মামলায় মনতাজের পাঁচ বছর হাজত খাটতে হয়। তাঁর ঘরবাড়িও বিক্রি করে দিতে হয় মামলা চালাতে গিয়ে। জেলে যাওয়ার কিছুদিন আগে মনতাজ বিয়ে করেছিলেন।জেল থেকে এসে মনতাজ দেখেন, তাঁর মা মারা গেছেন। তাঁর স্ত্রী আবার বিয়ে করেছেন। এরপর তিনি ঢাকায় চলে আসেন। তার পর থেকে অনেক রকম কাজ করেছেন। এখন রিকশা চালান। মনতাজ আবার বিয়ে করেছেন। এই ঘরে তাঁর দুটি সন্তান আছে। মনতাজ স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে থাকেন মিরপুরের মণিপুরে। ঘরভাড়া দেন এক হাজার ২০০ টাকা।