মনপুরায় তিন ঘণ্টা বন্দুকযুদ্ধ, ১০ জলদস্যু নিহত
ভোলার মনপুরা সাগর মোহনার ভাসানচরে জলদস্যু ও পুলিশের মধ্যে প্রায় তিন ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়েছে। এতে ১০ জলদস্যু, এক জেলেসহ মোট ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের সদস্যসহ ১০ জন। পুলিশ জলদস্যুদের আস্তানা থেকে অস্ত্র ও পাঁচটি ট্রলার উদ্ধার করেছে। আজ বুধবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ বন্দুকযুদ্ধ চলে। ভোলার পুলিশ সুপার মো. বসির আহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।মনপুরা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনার সাগর মোহনায় চলতি মাসে শতাধিক ট্রলার জলদস্যুর কবলে পড়েছে। মনপুরা উপজেলার সাগর মোহনা চরনিজাম পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ আজ দুপুর ১২টার দিকে মেঘনার সাগর মোহনায় অভিযান চালায়। তাঁরা ট্রলার চালাতে চালাতে বেলা দুইটার দিকে ভাসানচরের খালের মুখে গেলে জলদস্যুরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। জলদস্যুদের সঙ্গে পুলিশের প্রায় তিন ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়। এ সময়ে দুই শতাধিক গুলি বিনিময় হয়েছে। গুলিবিনিময়ের সময় পুলিশের সঙ্গে শত শত জেলেও জলদস্যুদের ধাওয়া করে। তখন জলদস্যুদের অনেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ১০ জলদস্যু পুলিশের কাছে আত্মসমর্পণ করতে এলে জেলেরা তাঁদের পিটিয়ে মেরে ফেলেন। ওই জলদস্যুদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে জলদস্যুদের গুলিতে মো. বেলাল হোসেন (২৮) নামের এক জেলে ঘটনাস্থলে নিহত হয়েছেন। তাঁর বাড়ি মনপুরার চরনিজামে। এ সময় জলদস্যুদের গুলিতে এসআই নুরুল আলম, কনস্টেবল রেজাউল করিমসহ ১০ জন আহত হন।এসআই নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলো অনলাইনকে বলেন, বন্দুকযুদ্ধ শেষে পুলিশ পাঁচটি ট্রলার, একটি গুলিভর্তি বন্দুক, একটি ফাইভ গান উদ্ধার করেছে।এদিকে গতকাল মঙ্গলবার পুলিশ চরফ্যাশন উপজেলার সাগর মোহনা চর শাহজালালে জলদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে ব্যাপক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করে।