মনপুরায় যানবাহন ধর্মঘট অব্যাহত
ভোলার মনপুরা উপজেলায় যাত্রীবাহী বিভিন্ন যানবাহনের মালিক ও চালক সমিতির ডাকা ধর্মঘট আজও অব্যাহত রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের নামে চালকদের মারধর ও হয়রানির অভিযোগে গতকাল রোববার এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।আজ মনপুরা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে অটোটেম্পো মালিক সমিতির আহ্বায়ক কাজেম আলী অভিযোগ করেন, মনপুরায় প্রায় ৫০০ যাত্রীবাহী টেম্পো, মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করে। এসব যানবাহনের কোনো কাগজপত্র না থাকলেও প্রতি মাসে আইনশৃঙ্খলা বাহিনীকে মাসোহারা দিতে হয়। কিন্তু স্থানীয় প্রশাসন গত শনি ও রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এ সময় পুলিশ দিয়ে গাড়ি ভাঙচুর ও চালকদের মারধর করার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়। এ ঘটনার প্রতিবাদের সেখানে গতকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকা হয়।উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল হালিম জানান, মনপুরায় চলাচল করা যাত্রীবাহী যানবাহনের সঠিক কাগজপত্র নেই। তাই সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। আদালত পরিচালনাকালে গাড়ি ভাঙচুর বা চালক ও যাত্রীদের পিটিয়ে আহত করার ঘটনা সত্য নয় বলে তিনি দাবি করেন।মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত সফল করার জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। তাই পুলিশ তাঁদেরকে সহযোগিতা করেছে।