মনভোলানো বনমোরগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনমোরগ ও বনমুরগি (Gallus gallus) দেখার ও ছবি তোলার ইচ্ছা নিয়ে অনেক পাখিপ্রেমী লাউয়াছড়া অরণ্যে যান। কিন্তু তাঁদের হতাশ হয়ে ফিরতে হয় বারবার। মানুষের পায়ের শব্দ পেলেই ত্বরিত বেগে পালিয়ে যায় এরা। তাই কক্-কক্ ডাক শুনে আর একঝলকের দেখাতেই তৃপ্তি মেটাতে হয়। তার পরও এরা মানুষের কবল থেকে রক্ষা পায় না। বিশেষ করে স্থানীয় আদিবাসীদের শিকারের মধ্যে বনমোরগ-বনমুরগি অন্যতম। এটি তাদের নিয়মিত শিকারের পাখি। তা ছাড়া বন এলাকার বাঙালিরাও বনমোরগ-বনমুরগি ধরতে প্রতিদিন নানা রকমের ফাঁদ পাতে। ঘরে পোষা মুরগি থাকা সত্ত্বেও বনের এই পাখির প্রতি লোকের লোভের সীমা নেই। সে কারণে কমে গেছে এদের সংখ্যা। পড়ে গেছে বিপন্ন পাখির তালিকায়। সিলেট বিভাগের চা-বাগানগুলো না থাকলে বনমোরগ প্রায় বিলুপ্তই হয়ে যেত। শিকারিরা চা-বাগানে ঢুকতে পারে না বলে ঘন চা-বাগানে এরা অনেকটা নিরাপদে থাকে। তবে প্রাকৃতিক বনে বাস করা বনমুরগি তো আদিবাসীরা শিকার করেই, উপরন্তু তাদের বাসা থেকে ডিমও সংগ্রহ করে। এ কারণে প্রাকৃতিক বনে এদের সংখ্যা কমছে। বনমুরগির ডিম গৃহপালিত মুরগির ডিমের সঙ্গে রেখে তা দিয়ে দেখা গেছে, কখনো কখনো ডিম ফুটলেও ছানা বাঁচেনি। এরা খুবই সতর্ক পাখি। খুব সকালে ও সন্ধ্যার আগে বনের কাছাকাছি খোলা জায়গায় খাবার খেতে বের হয়। দ্রুত দৌড়াতে পারে এবং উড়তে পারে। ইংরেজি নাম ‘Red Junglefowl’। বাংলাদেশে সিলেট ও চট্টগ্রাম বিভাগের চিরসবুজ বন, চা-বাগান, শেরপুর ও মধুপুর শালবন ও সুন্দরবনে বনমোরগ বাস করে। তবে বিগত কয়েক বছর অনেকবার মধুপুর বনে গিয়ে বনমোরগের দেখা পাইনি। বাংলাদেশ ছাড়া নেপাল, ভুটান, মিয়ানমার, ভারত, চীন, মালয়েশিয়া, মালদ্বীপ ও ইন্দোনেশিয়ায় এ পাখি দেখা যায়। পাহাড়ের পাদদেশে ঘন প্রাকৃতিক ঝোপের ভেতর মাটিতে জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে এরা বাসা করে। ছয়-সাতটি ডিম দেয়। বনমুরগি শুধু ডিমে তা দেয় ও ছানাদের লালন-পালনে ব্যস্ত থাকে। ডিম থেকে ছানা ফুটতে ২০-২১ দিন সময় লাগে। ছানারা বাসা থেকে নেমেই খাবার খেতে পারে। পাহাড়, টিলা, চা-বাগান ও প্রাকৃতিক ঘনবনের কাছাকছি নিরাপদ খোলামাঠে একাকি, জোড়ায় ও দলবদ্ধভাবে চরে বেড়ায়। একবার একটি দলে ছয়টি মুরগি ও একটি মোরগ দেখেছি। প্রধানত, ফল, বীজ, শস্যকণা, কচিপাতা, কেঁচো ও কীটপতঙ্গ এদের খাদ্য। শীতের সময় কুয়াশা থাকা অবস্থায় খাদ্যের সন্ধানে বের হয়। বনের কোনো গাছতলায় পাকা ফল ঝরে পড়া শুরু করলে বনমোরগ-বনমুরগি প্রতিদিন সকাল-বিকাল সেই গাছতলায় আসে। আবার বনের বড় গাছে উঠেও এদের ফল খেতে দেখা গেছে। দেখতে আমাদের গৃহপালিত মোরগ-মুরগির মতোই। তবে মোরগের লেজের দুটি পালক লম্বা থাকে।ধারণা করা হয়, এরাই গৃহপালিত মোরগ ও মুরগির পূর্বপুরুষ। সুদূর অতীতে এশিয়া অঞ্চলে বনের এই পাখিকে পোষ মানানো হয়। তবে বর্তমান এক গবেষণায় জানা গেছে, Grey Junglefowl-এর সঙ্গে সংকরায়নের ফলে আজকের গৃহপালিত মোরগ ও মুরগির উদ্ভব হয়েছে।