মনমাতানো ছাতিম ফুল
এখন সময় ছাতিম ফুলের। ছাতিমের বাঁধভাঙা সৌরভে কানায় কানায় ভরে উঠেছে ইট-পাথরের এই ঢাকা শহর। পথচারীরা সন্ধ্যার পর পথ চলতে চলতে মুগ্ধ হয় সেই সৌরভে। তেজগাঁও নাবিস্কোর সামনে দিয়ে যেতে যেতে ছোট্টমণি টিপটিপ তার বাবাকে প্রশ্ন করে, ‘বাবা, তুমি কি কোনো ঘ্রাণ পাচ্ছ?’ বাবার কাছেই সে জানতে পারে ছাতিম ফুলের সুবাসের কথা। টিপটিপ ছাতিমের সুবাস নিয়ে বাসায় ফেরে।আমাদের দেশে যেসব গাছ সাধারণের কাছে অতি পরিচিত, ছাতিম তার মধ্যে অন্যতম। এই সময় গ্রামাঞ্চল থেকে শুরু করে ছাতিম ফুলের সুবাসে খুব ঘন হয়ে উঠেছে ঢাকা শহরের প্রকৃতি। ছাতিমগাছ খুঁজতে খুব একটা বেগ পেতে হবে না। এই নগরের অনেক এলাকায় এর দেখা মিলবে। সন্ধ্যার পর ঘ্রাণ শুঁকে শুঁকে একেবারে গাছটির কাছে চলে যাওয়া যাবে। জাতীয় শহীদ মিনার ঘেঁষে একটা ছাতিমগাছ আছে। দিনের বেলায় সে গাছ থেকে একগুচ্ছ ফুল ছিঁড়তে অনেক যুগলকেই দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পেরিয়ে বাংলা একাডেমীর দিকে গেলেও ছাতিম ফুলের সুবাস পাওয়া যায়।বৃহৎ চিরহরিৎ গাছ ছাতিম। উচ্চতা ১৫ থেকে ২০ মিটার। ইংরেজিতে বেশ কয়েকটি নাম রয়েছে। এর মধ্যে আছে ব্ল্যাকবোর্ড ট্রি, ইন্ডিয়ান ডেভিল ট্রি, ডিটাবার্ক, মিল্কউড পাইন। এর উদ্ভিদ বিজ্ঞানীয় নাম Alstonia scholaris. ছাতিম Apocynaceae পরিবারের সদস্য।এই গাছ দেখতে ভারি সুন্দর! পাতার বিন্যাস দৃষ্টিনন্দন। ছাতিমের সব শাখার অগ্রভাগ ছত্রাকার এবং এর সাতটি পাতা সাজানো। শরতের শেষার্ধে ফুল ফুটতে শুরু করে। হেমন্তজুড়ে ছাতিমগাছে থোকায় থোকায় সবুজাভ সাদা ফুল দেখা যাচ্ছে।