মনমোহন এলে ঐতিহাসিক চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় ঐতিহাসিক চুক্তি সই হবে। এর অংশ হিসেবে অভিন্ন নদী তিস্তার পানি বণ্টনে অন্তর্বর্তীকালীন চুক্তি এবং অচিহ্নিত সীমানা নির্ধারণ, ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরের বিষয়ে সমাধানে পৌঁছাতে কাজ করছে দুই প্রতিবেশী দেশ।গতকাল মঙ্গলবার বাংলাদেশ-ভারত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েস বলেন, ‘আসন্ন সফরটি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমরা আশা করি। দুই পক্ষই সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে পৌঁছাতে নিজেদের মতপার্থক্য দূর করতে কাজ করছে। আর এ ধরনের শীর্ষ পর্যায়ের সফরের আগে মতভেদ দূর করাটা খুব জরুরি।’দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক গতকাল সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে প্রায় তিন ঘণ্টা চলে। এরপর বেলা আড়াইটায় সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত তা শুরু হয় রাত আটটায়। মিজারুল কায়েস জানান, দ্বিপক্ষীয় সম্পর্কের সবগুলো বিষয় ছাড়াও গত বছরের দিল্লি শীর্ষ বৈঠক ও সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়েছে। দুই দেশের সহযোগিতা বাড়াতে সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার বিষয়েও বৈঠকে আলোচিত হয়। এ ছাড়া মনমোহন সিংয়ের আসন্ন সফর নিয়ে বৈঠকে আলোচনা হয়। ভারতের প্রধানমন্ত্রীর সফরসূচি সম্পর্কে জানতে চাইলে নিরুপমা রাও বলেন, এ বছর শেষ হওয়ার বেশ আগেই মনমোহন সিং ঢাকায় আসবেন। তবে সুনির্দিষ্ট সময়সূচি নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। নিরুপমা বলেন, এ সফরের মাধ্যমে ইতিবাচক অগ্রগতি হবে বলে তিনি অত্যন্ত আশাবাদী। এ সফরে ঐতিহাসিক চুক্তি সই হবে, যা দুই দেশের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।তিস্তার পানি বণ্টনে চুক্তি সইয়ের ব্যাপারে অগ্রগতি, বিশেষ করে কোন দেশ কী পরিমাণ পানি পাবে, এ বিষয়টির সুরাহা হয়েছে কি না—এর জবাবে ভারতের পররাষ্ট্রসচিব বলেন, তিস্তার পানি বণ্টনে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি সইয়ের ব্যাপারে দুই দেশের পানিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বৈঠকে যথেষ্ট ইতিবাচক অগ্রগতি হয়েছে। গত সোমবার দিল্লিতে অনুষ্ঠিত পানিসম্পদসচিবদের বৈঠকেও এ নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক পর্যায়ে বিষয়টির সুরাহা না হওয়া পর্যন্ত পানির হিস্যা কোন দেশ কী পরিমাণ পাবে, তা তিনি জানাতে চাননি। তিনি বলেন, ‘কিন্তু এটা মনে করবেন না যে আমি কিছু একটা লুকাতে চাইছি। এ বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা হবে দুই দেশের জনগণের কল্যাণের স্বার্থে।’ ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তর এবং সাড়ে ছয় কিলোমিটার সীমানা চিহ্নিত করার বিষয়ে দুই পররাষ্ট্রসচিব জানান, গত নভেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত যৌথ সীমান্ত কর্ম দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ হচ্ছে। এ ব্যাপারে মিজারুল কায়েস বলেন, গত সপ্তাহে দুই দেশের কর্মকর্তারা মেঘালয়ে বৈঠক করেছেন। দুই পক্ষই এ নিয়ে নিজেদের মতপার্থক্য দূর করতে প্রয়াস চালাচ্ছে।বাংলাদেশের ভূখণ্ড ব্যবহারের জন্য ভারতের কাছ থেকে মাশুল আদায়ের বিষয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রসচিব বলেন, ট্রানজিটের সিদ্ধান্ত কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে কাজ চলছে। এ নিয়ে দুই পক্ষ একমত হলে মাশুলের বিষয়টিরও সুরাহা হবে। সমুদ্রসীমা নির্ধারণে বিরোধ নিষ্পত্তি সম্পর্কে মিজারুল কায়েস বলেন, আইনি প্রক্রিয়া ও আলোচনার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, গভীর সমুদ্রে যেসব অংশের মালিকানা নিয়ে বিরোধ রয়েছে, বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেখানে তেল-গ্যাস অনুসন্ধানের খননকাজ বন্ধ থাকবে। ১০০ কোটি ডলারের ঋণসহায়তা চুক্তির আওতায় বাংলাদেশের দেওয়া প্রকল্পের অনুমোদন প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রসচিব বলেন, ভারতের পররাষ্ট্রসচিব এ ব্যাপারে তাঁকে ইতিবাচক সংবাদ দিয়েছেন। খুব শিগগির আরও অগ্রগতি হবে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব নিরুপমা রাও বলেন, ইতিমধ্যেই বাংলাদেশের দেওয়া বেশকিছু প্রকল্প অনুমোদন পেয়েছে। বাংলাদেশের অনুরোধে ভারতের রেলওয়ে কিছু ওয়াগন ও বগি তৈরি করে দিচ্ছে। কয়েক মাসের মধ্যেই সবগুলো প্রকল্প চূড়ান্ত হবে। ঋণ চুক্তির শর্ত অনুযায়ী ভারত থেকেই ৮৫ ভাগ পণ্য কিনতে হবে। এমন কঠিন শর্তের ফলে বাংলাদেশের ঋণ নিয়ে লাভ কী, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা এমন নয় যে চুক্তির শর্ত পাল্টানো যাবে না। শর্ত নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। বাংলাদেশকে আমরা খোলা মন নিয়েই সাহায্য করতে চাই। আমরা দেখতে চাই, বাংলাদেশের মানুষ উন্নতি করছে।’ অব্যাহত প্রতিশ্রুতির পরও সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি হত্যা থেমে নেই। এ বিষয়ে জানতে চাইলে নিরুপমা রাও বলেন, ‘আমরা সীমান্ত এলাকায় সব ধরনের সহিংসতা ও হত্যার বিপক্ষে। সীমান্তে বাংলাদেশ বা ভারত যে দেশের নাগরিকই প্রাণ হারাক না কেন, আমরা তার নিন্দা জানাই। সীমান্ত এলাকায় হত্যাকাণ্ডের বেশির ভাগই ঘটে রাতের বেলায়। এসব ঘটনায় বাংলাদেশ ও ভারত দুই দেশের লোক প্রাণ হারায়, যা অত্যন্ত দুঃখজনক। তবে রাতের বেলা সীমান্তে অনুপ্রবেশের বিষয়টি যথাযথভাবে প্রতিহত করা উচিত। রাতের বেলা সান্ধ্যকালীন আইন প্রয়োগ কার্যকর করাটা জরুরি। ইতিমধ্যেই হতাহতের বিষয়টি রোধে ভারতের পক্ষ থেকে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় বিএসএফ সদস্যদের হাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার বন্ধ করা হচ্ছে।