মনমোহন ট্র্যাজিক চরিত্র: ওয়াশিংটন পোস্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রভাবশালী দৈনিকে প্রকাশিত এক খবরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্বন্ধে বলা হয়েছে, ‘তিনি একজন দ্বিধান্বিত অক্ষম আমলা, যিনি একটি দুর্নীতিগ্রস্ত সরকারের নেতৃত্ব দিচ্ছেন।’ ওয়াশিংটন পোস্টের ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের ‘মৃদুভাষী’ প্রধানমন্ত্রী এক ট্র্যাজিক চরিত্রে পরিণত হয়েছেন। মনমোহন ভারতকে আধুনিকতা, সমৃদ্ধি ও ক্ষমতায়নের পথে প্রতিষ্ঠিত করলেও সমালোচকেরা বলছেন, লাজুক, স্বল্পবাক ৭৯ বছর বয়সী বৃদ্ধ ইতিহাসের ব্যর্থতার খাতায় নাম লেখাতে চলেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়, ওয়াশিংটন পোস্টের আজ বুধবারের সংস্করণে ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়।প্রতিবেদনে বলা হয়, মনমোহন ভারতের অর্থনৈতিক সংস্কারের নির্মাতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপনে তাঁর ভূমিকাই ছিল প্রধান এবং বিশ্বে তিনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। কিন্তু ধীরে ধীরে অত্যন্ত সম্মানিত, বিনয়ী ও মেধাবী এই কর্মনির্ধারকের ভাবমূর্তি দাঁড়িয়েছে ভিন্ন রকম। তিনি এখন একজন দ্বিধান্বিত অক্ষম আমলা, যিনি একটি দুর্নীতিগ্রস্ত সরকারের নেতৃত্ব দিচ্ছেন।কয়লাখনি বরাদ্দে অকার্যকর পদক্ষেপ এবং দুর্নীতিতে মনমোহনের সংশ্লিষ্টতার অভিযোগে প্রতিদিনই প্রতিবাদ করছে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাদের প্রতিবাদের কারণে গত দুই সপ্তাহের প্রতিদিন পার্লামেন্টের অধিবেশন স্থগিত হয়েছে।প্রতিবেদনে আরও বলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে দেশটির পতনের সমান্তরালে চলছে মনমোহন সিংয়ের নাটকীয় পতনের কাহিনি এবং তাঁর খ্যাতিহীন হওয়ার পালা।